ধর্ষকদের শাস্তির দাবিতে শাহবাগে ৩০ কলেজ শিক্ষার্থীদের অবস্থান

ধর্ষকদের শাস্তির দাবিতে শাহবাগে ৩০ কলেজ শিক্ষার্থীদের অবস্থান

দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে রাজধানীর ৩০টি কলেজের শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান নিয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে ছোট ছোট মিছিল নিয়ে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় তারা ‘তুমি কে, আমি কে, আছিয়া আছিয়া’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’ প্রভৃতি স্লোগান দেন।

শিক্ষার্থীরা বলেন, নারী নিপীড়নের প্রতিবাদে শাহবাগ অবরোধের ঘোষণা দিয়েছিল তারা। কিন্তু রমজানে জনগণের ভোগান্তির কথা চিন্তা করে ব্লকেড কর্মসূচির পরিবর্তে জাতীয় যাদুঘরের সামনে ফাঁকা রাস্তায় অবস্থান নিয়েছি। এই কর্মসূচি সন্ধ্যা পর্যন্ত চলবে।

শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থান রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়াও বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

কর্মসূচিতে অংশ নেন ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা সিটি কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, নটরডেম কলেজ, ঢাকা কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, লালবাগ মডেল কলেজ, উইলস্ লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, জলসিঁড়ি ক্যান্টনমেন্ট কলেজ, আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা ইম্পেরিয়াল কলেজ, শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, সবুজবাগ সরকারি কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ ও হামদর্দ কলেজের শিক্ষার্থীরা।

এছাড়া, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, নৌবাহিনী কলেজ, সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ, বিএএফ শাহীন ঢাকা, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলসহ মোট ৩০টি কলেজের শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন উপস্থিত শিক্ষার্থীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন