জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগরীতে একদিনে ডিএমপির ৬৬৭টি টহল টিম ও ৭১টি চেকপোস্ট পরিচালনা করে ১৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা হয়েছে ৬৩টি। গ্রেপ্তার হওয়াদের মধ্যে রয়েছে ছিনতাইকারী, চাঁদাবাজ, ডাকাত, মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধী।
মঙ্গলবার ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান।
ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সূত্রে জানা যায়, গত রোববার রাত ১টা থেকে সোমবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে দুই পালায় ডিএমপির ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করে।
এর মধ্যে রাতে ৩৪০টি ও দিনে ৩২৭টি টিম দায়িত্ব পালন করে। টহল টিমগুলোর মধ্যে রয়েছে মোবাইল পেট্রোল টিম ৪৭৯টি, ফুট পেট্রোল টিম ৭৩টি ও হোন্ডা পেট্রোল টিম ১১৫টি। এ ছাড়া মহানগর এলাকার নিরাপত্তা জোরদারে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি ৭১টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করে।
ডিএমপির টহল টিমের পাশাপাশি মহানগরীর বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে দুই পালায় সিটিটিসির ১৪টি, তিন পালায় অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) এর ১২টি এবং ডিএমপির সঙ্গে রাতে র্যাবের ১০টি টহল টিম দায়িত্ব পালন করে।
এ ছাড়া ডিএমপির সঙ্গে পুলিশের বিশেষায়িত ইউনিট এপিবিএন কর্তৃক ২০টি চেকপোস্ট পরিচালনা করা হয়।একটি মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৫৫ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে রয়েছে ১১ জন ডাকাত, ৩৩ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, পাঁচজন চাঁদাবাজ, ৯ জন চোর, ২৮ জন চিহ্নিত মাদক কারবারি, ১৭ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধী।
এ সময় সাতটি চাকু, একটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি, দুটি ছুরি, একটি স্টিলের পাত, চারটি রড, ছয়টি বাঁশের লাঠি, একটি সামুরাই, ছয়টি মোবাইল ফোন, দুটি মোটরসাইকেল ও একটি টমটম উদ্ধার করা হয়। এ ছাড়া জব্দ মাদকের মধ্যে রয়েছে ১৬ কেজি ৫৩০ গ্রাম গাঁজা, ২ হাজার ৪৪৯ পিস ইয়াবা ও আট লিটার মদ। এ সময় ডিএমপির বিভিন্ন থানায় ৬৩টি মামলা রুজু করা হয় এবং গ্রেপ্তারদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

