রাজধানীর ডেমরা ব্রিজের কাছে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর আলম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৫ থেকে ৭ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার সন্ধ্যার পর এই দুর্ঘটনাটি ঘটে। নিহত জাহাঙ্গীর আলম নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মৈকুলি গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতালে নিয়ে আসা পথচারী দিপু জানান, সোমবার সন্ধ্যার পর লেগুনাটি যাত্রী নিয়ে যাত্রাবাড়ী থেকে রূপগঞ্জের বরাপা যাচ্ছিল। পথিমধ্যে ডেমরা ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার ভেতরে থাকা সব যাত্রীই কমবেশি আঘাতপ্রাপ্ত হন।
গুরুতর আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১০টার দিকে জাহাঙ্গীর আলমকে মৃত ঘোষণা করেন। আহত অন্য একজনকে আশঙ্কাজনক অবস্থায় ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। আহত একজনের চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

