রাজধানীতে পৃথক অভিযানে আওয়ামী লীগের সাবেক এমপিসহ সাত নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, নিষিদ্ধ আওয়ামী লীগের জয় বাংলা ব্রিগেডের সক্রিয় সদস্য মো. মেশকাত হোসেন বাক্কাকে গ্রেপ্তার করেছে সিটিটিসির সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। গত রোববার রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানার নোবেল কেয়ার হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিটিটিসি সূত্রে জানা যায়, গ্রেপ্তার মেশকাত আওয়ামী লীগের জয় বাংলা ব্রিগেডের গুরুত্বপূর্ণ সদস্য এবং নওগাঁ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক। তার বিরুদ্ধে রাষ্ট্রের অখণ্ডতা, সংহতি ও সার্বভৌমত্ব বিপন্ন করার ষড়যন্ত্রের অভিযোগে মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
অন্যদিকে, রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র নাছির উদ্দিনসহ ছয় নেতাকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গ্রেপ্তাররা হলো- পটুয়াখালী গলাচিপা উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও চেয়ারম্যান ওয়ানা মারজিয়া নিতু, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সহসভাপতি আব্দুস সালাম, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাবেক কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নাসির আহমেদ, ঢাকা দক্ষিণ ২৪ নম্বর ওয়ার্ড লালবাগ থানা আওয়ামী লীগের সাবেক কমিটির প্রচার সম্পাদক নুরুল হক, মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প বাজার ইউনিট আওয়ামী লীগের সেক্রেটারি সাঈদ ওরফে মাছুয়া সাঈদ।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

