ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহনের সর্বোচ্চ গতিসীমা ৬০ থেকে বাড়িয়ে ৮০ কিলোমিটার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত থেকে এই গতিসীমা কার্যকর হয়েছে বলে শনিবার জানানো হয়।
বর্ধিত গতিসীমার বেশি গতিতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন চালালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মামলা করবে বলেও সতর্ক করা হয়েছে।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বৈদ্যুতিক বোর্ডে যানবাহন চলাচলের নতুন গতিসীমা শোভা পেতে দেখা যাচ্ছে, রাস্তার পাশের সংকেতেও ৮০ কিলোমিটার লেখা রয়েছে। তবে সড়কের পাশে ম্যানুয়াল সংকেতে ৬০ কিলোমিটার লেখা এখনও সরানো হয়নি।
ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (অপারেশন ও মেইনটেন্যান্স) কোম্পানি লিমিটেডের একাধিক কর্মকর্তারা জানান, নতুন গতিসীমা (৮০ কিলোমিটার) বৃহস্পতিবার রাত থেকে কার্যকর করা হয়েছে। ডিএমপি ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অনুমোদনের পর এটি কার্যকর করা হয়।
নতুন গতিসীমা অতিক্রম করে যানবাহন চালালে মামলা দেওয়া হবে জানিয়ে তারা বলেন, কেন্দ্রীয় কমান্ড সেন্টারে থাকা ভিডিও ক্যামেরাগুলো দেখে গতিসীমা অতিক্রম করা যানবাহনের বিরুদ্ধে মামলা করতে পুলিশকে বলা হবে। দিনে গড়ে ৪০০ গাড়ি ৮০ কিলোমিটারের বেশি গতিসীমা অতিক্রম করেছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ২ সেপ্টেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু করার সময় যানবাহনের গতিসীমা ৬০ কিলোমিটার নির্ধারণ করা হয়। কিন্তু এই অবকাঠামো চালুর পর থেকে কখনও এ গতিসীমা মেনে চলতে দেখা যায়নি চালকদের। সেইসঙ্গে যানবাহন দ্রুত চলার জন্য তৈরি এই এক্সপ্রেসওয়েতে এত কম গতিসীমা নির্ধারণ নিয়েও প্রশ্ন ওঠে। এমনকি গত ৮ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বলা হয়, এক্সপ্রেসওয়েতে অতিরিক্ত গতিতে যানবাহন চালানো হলে ভিডিও দেখে মামলা দেবে পুলিশ। পরে এক্সপ্রেসওয়ের কয়েকটি স্থানে নজরদারি যন্ত্র স্পিডগান নিয়ে গতিসীমা দেখে অনেক যানবাহনকে মামলাও দেওয়া হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

