বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মহিউদ্দিন রাব্বানী।
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। সংসদে ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এ এম এম নাসির উদ্দীন ফলাফল ঘোষণা করেন।
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে এক বার্তায় মাওলানা মহিউদ্দিন রাব্বানী বলেন, দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমায় দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে তাঁর নির্বাচিত হওয়া দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা।
তিনি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে শুধু সরকার পরিবর্তনই যথেষ্ট নয়; রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা, নাগরিক অধিকার সুরক্ষা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবের ঊর্ধ্বে রাখাও সমান গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর দেশের মানুষের প্রত্যাশাও এখন অনেক বিস্তৃত।
মাওলানা মহিউদ্দিন রাব্বানী বলেন, “আমরা আশা করি, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধান ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মর্যাদা সমুন্নত রাখার পাশাপাশি রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের মধ্যে ভারসাম্য, জবাবদিহি ও পারস্পরিক শ্রদ্ধার পরিবেশ তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবেন।”
তিনি আরও বলেন, দেশের সব নাগরিকের অধিকার, ধর্মীয় স্বাধীনতা ও ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে রাষ্ট্রপতি তাঁর সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করবেন—এটাই তাঁদের প্রত্যাশা।
অভিনন্দন বার্তায় তিনি বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ পদ কোনো ব্যক্তি বা দলের নয়; এটি সমগ্র দেশের এবং সকল নাগরিকের। তাই নবনির্বাচিত রাষ্ট্রপতি দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রের অভিভাবক হিসেবে সকলের আস্থা ও মর্যাদা অক্ষুণ্ন রাখবেন বলে তাঁরা প্রত্যাশা করেন।
মাওলানা মহিউদ্দিন রাব্বানী নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।
তিনি বলেন, “মহান আল্লাহ তাআলা তাঁকে ন্যায়, সততা ও প্রজ্ঞার সঙ্গে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের তাওফিক দান করুন এবং তাঁর মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণ সাধিত হোক। আমীন।”
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


