ছেলের হত্যার বিচারে ঢাকায় সংবাদ সম্মেলন করলেন মা

ছেলের হত্যার বিচারে ঢাকায় সংবাদ সম্মেলন করলেন মা

সিলেটের বালুচরের যুবলীগ ক্যাডার কর্তৃক আলোচিত কলেজ ছাত্র আরিফ হত্যা মামলার তদন্ত দীর্ঘ বছরেও শেষ না হওয়া এবং আসামিদের বিদেশ পলায়নে পুলিশের নিরব ভূমিকার বিচার চেয়েছে পরিবার। পাশাপাশি দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটির বিচার যেনো করা হয় সেই দাবি জানানো হয়।

রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহত কলেজ ছাত্রের মা আখি আক্তার এ দাবি জানান।

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করে বলেন, এয়ারপোর্ট থানা পুলিশের চোখের সামনে আমার ছেলের হত্যাকারীরা ঘুরে বেড়াচ্ছে অথচ পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। দেড় বছর হয়ে গেলেও পুলিশের তদন্ত শেষ হচ্ছে না। যার ফলে মামলার প্রধান আসামি যুবলীগ ক্যাডার হিরন মাহমুদ নীপু কয়েক দিন আগে লন্ডনে পালিয়ে যায়। পুলিশ তাদের সর্বোচ্চ সুযোগ দিচ্ছে পালিয়ে যাওয়ার জন্য।

এর আগে লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রায় দেড় বছর আগে ২০২৩ সালের নভেম্বরের ২০ তারিখে রাতে বাসার সামনে আমার ছেলেকে নির্মমভাবে কুপিয়ে খুন করে একদল সন্ত্রাসী। সবার সম্মুখে তারা উপর্যুপরি কুপিয়ে আমার ছেলেকে হত্যা করে। আর এ হত্যাকাণ্ডের নেতৃত্ব ছিলো সিলেটের কুখ্যাত সন্ত্রাসী ও যুবলীগ ক্যাডার হিরন মাহমুদ নীপু।

নিহত আরিফের মা বলেন, হত্যার ঘটনায় আমি নিজে বাদি হয়ে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করি। এ মামলায় প্রধান আসামি করা হয় সন্ত্রাসীদের গডফাদার হিরন মাহমুদ নীপুকে। সে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি। অন্য আসামিরা হচ্ছে- সিলেট নগরের বালুচরের বাসিন্দা আব্দুল কাইয়ুম আনাস, মামুন মজুমদার রাকিব, হেলাল মিয়া, শরিফ আহমদ, জুনায়েদ আহমদ, আনহাজ আহমদ রনি, সৈয়দ আমীর আলী, সুলতান আহমদ, সবুজ আহমদ।

তিনি আরও বলেন, দেড় বছর পেরিয়ে যাচ্ছে কিন্তু আমি আমার ছেলে হত্যার বিচার পাচ্ছি না। পুলিশের হাতে থাকা সিলেটের আলোচিত এ হত্যা মামলার তদন্ত কাজই এখনো শেষ হয়নি। শুধুমাত্র পুলিশের গাফিলতির কারনে আমার ছেলেকে হত্যা এবং পরবর্তীতে মামলার তদন্তও ধীরগতিতে রাখা হয়েছে। আমি চাই মামলাটির বিচার যেনো দ্রুত বিচার ট্রাইব্যুনালে করা হয়। এ ব্যাপারে আমি আপনাদের মাধ্যমে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপি'র দৃষ্টি কামনা করছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন