মিটফোর্ড হাসপাতাল শাটডাউন ঘোষণা, নিরাপত্তা নিশ্চিতে ৪ দফা দাবি

মিটফোর্ড হাসপাতাল শাটডাউন ঘোষণা, নিরাপত্তা নিশ্চিতে ৪ দফা দাবি

রাজধানীর ঐতিহ্যবাহী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল নিরাপত্তাহীন এবং সাম্প্রতিক খুনের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে শিক্ষার্থী মহল। নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কলেজ ক্যাম্পাসে ‘শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

রোববার দুপুরে কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মিছিল শেষে সমাবেশে তারা নিজেদের চার দফা দাবি উত্থাপন করেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনের হুঁশিয়ারি দেন।

শিক্ষার্থীদের চার দফা দাবি- ১. বহিরাগতদের হাসপাতাল ও কলেজ ক্যাম্পাসে প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে। ২. হাসপাতালসংলগ্ন ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদ করতে হবে।

৩. হাসপাতাল ও ক্যাম্পাস এলাকায় আনসার সদস্যদের উপস্থিতি ও কার্যকারিতা বাড়াতে হবে।

৪. সার্বিক নিরাপত্তা নিশ্চিতে দ্রুত ও কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সমাবেশে আন্দোলনকারী শিক্ষার্থী জিন্নাতুন ফেরদৌস বলেন, রোগী এসে নিরাপত্তাহীনতায় ভুগবে, আর আমরা ক্লাস করতে গিয়ে আতঙ্কে থাকব- এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না। এই পরিস্থিতি পরিবর্তনে দ্রুত ব্যবস্থা না নিলে আমাদের আন্দোলন আরও কঠোর হবে।

গত ৯ জুলাই বিকেলে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে পিটিয়ে ও পাথর দিয়ে মাথায় আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়। জনসমক্ষে ঘটে যাওয়া এ হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হত্যাকাণ্ডের প্রতিবাদে লাগাতার আন্দোলন করে যাচ্ছেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন দেশের সাধারণ মানুষ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন