রাজধানীর খিলক্ষেত এলাকায় চাঁদার টাকাসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
গ্রেপ্তারকৃতরা হলেন- ইসমাইল হোসেন বাবু, শেখ সাইফুল ইসলাম, সেলিম রানা, মো. সাইদুল ইসলাম, মো. কাজিম উদ্দিন, মো. আব্দুর রহিম মান্নান ও মো. রিপন।
রোববার বাংলাদেশ আর্মির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, শনিবার রাত ৮টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত, নিকুঞ্জ-২ এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালিত হয়। এসময় চাঁদা আদায়ের টাকাসহ ২ জন চিহ্নিত চাঁদাবাজ হাতেনাতে গ্রেপ্তার হয়। অন্যদিকে রোববার বিকেল ৩টায় উত্তরা-১০ নম্বর সেক্টর সংলগ্ন স্লুইস গেট এলাকায় পৃথক একটি অভিযানে চাঁদাবাজির অভিযোগে মো. মিলন ও তার ৫ জন সহযোগীকে গ্রেপ্তার করা হয়।
সেনাবাহিনী জানিয়েছে, সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনাক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে প্রদান করতে সবাইকে অনুরোধ জানানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

