গাবতলী-চাষাড়া গ্রিন ক্লাস্টার এসি বাসের পরীক্ষামূলক উদ্বোধন

গাবতলী-চাষাড়া গ্রিন ক্লাস্টার এসি বাসের পরীক্ষামূলক উদ্বোধন

ঢাকা নগর পরিবহনের আওতায় ঢাকার গাবতলী থেকে নারায়নগঞ্জের চাষাড়া পর্যন্ত গ্রিন ক্লাস্টারের ২১নং সংশোধিত রুটে পরীক্ষামূলকভাবে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস পরিষেবা উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার রাজধানীর আসাদগেইটে এই বাসসেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো: এহছানুল হক। এ সময় সড়কে শৃঙ্খলা আনতে ‘অপারেশন ডেভিল হান্টে’র মতো অভিযান যেন চালাতে না হয়, সে বিষয়ে বাস মালিকদের সতর্ক করেন তিনি।

বিজ্ঞাপন

জাহাঙ্গীর গেইটের সামনে দিয়ে বাস ঠিকভাবে চালালেও অন্য সময় বেপরোয়া গতিতে বাস চালানো হয় মন্তব্য করে তিনি বলেন, নিয়মনীতির তোয়াক্কা করা হয় না। সব সড়কেই নিয়ম-নীতি অনুসরণ করে বাস চালাতে হবে। সড়কে শান্তিপূর্ণভাবে সকল সমস্যার সমাধান করতে হবে। সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা আনতে হলে ডেভিল হান্টের মত অভিযান যেন করতে না হয়, তা মালিকদেরকে বলতে চাই।

আগামী মে মাসের পর মেয়াদোত্তীর্ণ বাস সড়কে যেন না চলে, সেই অনুরোধ করে সড়ক পরিবহন সচিব বলেন, বাংলাদেশ ব্যাংকের সাথে আলাপ করা হয়েছে, ক্রটিপূর্ণ বাস মেরামতে তারা সহজ শর্তে ঋণ দেবে। বিভিন্ন ব্যাংকে বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দেবে।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) ব্যবস্থাপনায় ৫০টি নতুন এসি বাস চালু করা হয়েছে। এসব বাস গাবতলী- সায়েন্সল্যাব- গুলিস্তান- যাত্রাবাড়ী ফ্লাইওভার - নারায়ণগঞ্জ রুটে চলবে।

ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আখতার বলেন, গণপরিবহন একটি শহরের জন্য গুরুত্বপূর্ণ। এতদিন গণপরিবহনে সমস্যা ছিল। নানা রকমের ত্রুটি ছিল বাসগুলোতে। নতুন এ বাসগুলো যাত্রীদের জন্য আরামদায়ক ও জনপ্রিয় হবে। এটা ব্যবহারে উৎসাহ পাবেন যাত্রীরা। তাতে গণপরিবহনের ব্যবহার বাড়বে। যাত্রীরা টিকেট কেটে উঠুন। যাত্রীদের সাথে শ্রমিকদের ভালো ব্যবহার করুন। মালিকরা বাস সময় মতো ছাড়বেন।

সম্মিলিত শ্রমিক পরিষদের প্রধান সমন্বয়কারী ও বিএনপি নেতা শামসুর রহমান শিমুল বিশাস বলেন, দেশের সড়কে শৃঙ্খলা আনতে না পারায় এক রকম প্রভাব পড়েছে। দীর্ঘদিনের সড়ক নিয়ে বিরক্ত সবাই। সড়ক পরিবহন খাত সবচেয়ে বিশৃঙ্খল। তবে ছয় মাসের মধ্যে পরিবহন খাতে কোনো ধর্ঘট হয়নি। সড়ক পরিবহনে শৃঙ্খলা আনা দুরুহ কাজ। শ্রমিক ও মালিকদের সাথে নিয়ে সড়ক পরিবহনে পরিবর্তন দেখতে পারব বলে আমি মনে করি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিআরটিএ চেয়ারম্যান মোঃ ইয়াসীন, বিআরটিসি চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ সরওয়ার, যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি’র মহাসচিব ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি’র সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম প্রমুখ।

গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে গত বছরের ডিসেম্বরে নতুন করে কোম্পানির আওতায় বাস চালানোর প্রক্রিয়া শুরু করে ডিটিসিএ। ঢাকার সবগুলো পরিবহনের বাস ৪২টি রুটে ৪২টি কোম্পানির মাধ্যমে পরিচালনা করার কথা জানানো হয়। ৪২টি রুটকে গোলাপী, নীল, লাল, কমলা, সবুজ, বেগুনি, নর্থ, নর্থ ওয়েস্ট এবং সাউথ গুচ্ছে ভাগ করা হয়। এর মধ্যে গুচ্ছের বাস ঢাকা মহানগরে ছয়টি রুট, শহরতলীতে তিনটি রুটে চলবে। প্রতিটি গুচ্ছে চলাচলকারী বাসের আলাদা রং হবে, একটি গুচ্ছে একাধিক রুট থাকতে পারে।

জানা গেছে, ঢাকা নগর পরিবহনের রুটে কোম্পানির অধীনে বাস চালাতে আগ্রহীদের আবেদন চাওয়া হলে ডিসেম্বর পর্যন্ত আড়াইশটি জমা পড়ে। এসব আবেদনের বিপরীতে বাসের সংখ্যা তিন হাজারের বেশি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন