সিএনজি-অটোরিকশায় মিটারে অতিরিক্ত ভাড়া আদায়ে চালকের কারাদণ্ড ও জরিমানার নির্দেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে একটি সংগঠন। শুক্রবার বিকেল ৩টার দিকে বিআরটিএ’র এ নির্দেশনা প্রত্যাহার চেয়ে খিলগাঁও চৌরাস্তায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ঐক্য পরিষদ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সিএনজি-অটোরিক্সায় মিটারে প্রদর্শিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ে চালকের ৬ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা বিআরটিএ কর্তৃক নির্দেশনা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। সড়ক পরিবহন আইন-২০১৮ শ্রমিক স্বার্থবিরোধী অযৌক্তিক ধারাসমূহ বাতিল/সংস্কার করতে হবে। এছাড়াও বিআরটিএ থেকে ঘাপটি মেরে থাকা হাসিনার দোসরদের প্রত্যাহার করতে হবে।
বক্তাগণ আরও বলেন, বিআরটিএ’র কতিপয় কর্মকর্তা দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির লক্ষে সিএনজি অটোরিক্সা শ্রমিকদের বিরুদ্ধে অযৌক্তিক আইন কার্যকরের চেষ্টার মাধ্যমে দেশে ঘোলাটে পরিস্থিতির উদ্ভব ঘটানোর পায়তারা করছে। হেন কর্মকান্ড থেকে বিরত থেকে সিএনজি-অটোরিকশা সেক্টরকে নিয়মতান্ত্রিকভাবে চলাচলের সহযোগিতা করার জন্য বিআরটিএ কর্মকর্তাদের আহ্বান জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

