ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) উপাচার্য ড. শামসুল আলম বলেছেন, শিক্ষার্থীরা নতুন নতুন জ্ঞান আহরণের মাধ্যমে নিজকে গড়ে তুলে জীবন ও জগতকে বদলে দিতে পারে।
তিনি বলেন, আল ফাতাহ পাবলিকেশন্সের শিক্ষা অফার পুরস্কার প্রদান নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে আল ফাতাহ যে উদ্যোগ গ্রহণ করেছে, সেজন্য আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই।
শনিবার রাজধানীর মালিবাগে জিনিক্স গার্ডেন কনফারেন্স হলে ‘আল ফাতাহ পাবলিকেশন্সের’ উদ্যোগে শিক্ষা অফার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য (পাঠ্যপুস্তক) প্রফেসর ড. রিয়াদ চৌধুরী, বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ড. মোঃ হেদায়েত উল্লাহ এবং তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা হাবীবুল্লাহ মোহাম্মদ ইকবাল।
অনুষ্ঠানে আল ফাতাহ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমএ সাঈদ উদ্বোধনী বক্তব্য পেশ করেন। তিনি বলেন, জ্ঞানের আলোয় আলোকিত ও উদ্ভাসিত একটি জাতি গঠনে বইপুস্তক ও শিক্ষাসামগ্রী সরবরাহ করে আল ফাতাহ গ্রুপ অনবদ্য অবদান রেখে যাচ্ছে। সে সাথে দেশ ও জাতির আগামী দিনের কাণ্ডারি, সুযোগ্য নেতৃত্ব গঠনে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করছে শিক্ষা অফার ও শিক্ষাবৃত্তির মাধ্যমে। আল ফাতাহ’র এই অনবদ্য অবদানে অনেক বিদগ্ধ জ্ঞানীগুণী ও মনীষি ব্যক্তিত্ব জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
ড. রিয়াদ চৌধুরী পুরস্কার বিজয়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মানবতার সেবায় মেধাকে কাজে লাগাতে হবে। তোমাদের মেধার স্বীকৃতিদানে আল ফাতাহ’র এই উদ্যোগ প্রশংসাযোগ্য।
ড. হেদায়েত উল্লাহ শিক্ষা সহায়তা দানে অনবদ্য অবদানের জন্য আল ফাতাহ পাবলিকেশন্স কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
সাদ্দাম হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে দাখিল ও আলিম শিক্ষা অফার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

