রাজধানীর সবুজবাগ এলাকায় নিখোঁজের এক সপ্তাহ পর জাকির হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপির সবুজবাগ থানার এসআই শামসুল আমিন জানান, গত ৪ জুন থেকে ব্যবসায়ী জাকির নিখোঁজ ছিলেন। তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপহরণ মামলা করা হয়। মামলার তদন্তে দেখা যায়, তারই পরিচিত আজহার নামে এক ব্যক্তি তাকে ফোনে ডেকে নিয়ে গিয়েছিল। এর পর থেকে আর তাকে পাওয়া যাচ্ছিল না।
তিনি বলেন, আমরা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ও প্রযুক্তি ব্যবহার করে রাজধানীর রামপুরার মহানগর এলাকা থেকে প্রথমে আজাহারকে আটক করে জিজ্ঞাসাবাদ করি। পরে সে স্বীকার করে, তিনিই জাকিরকে হত্যা করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে জাকিরের বাড়ির পাশে বাইকদিয়া এলাকার একটি ঝোপ-ঝাড়ের মধ্যে ফেলে রাখে। সেখান থেকে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।
জাকিরকে প্রথমে রড দিয়ে মাথায় আঘাত করা হয়। সে নিচে পড়ে গেলে, তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে শরীরের বিভিন্ন স্থানে কেটে শরীর থেকে বিভিন্ন অংশ আলাদা করা হয়-বলেন পুলিশ কর্মকর্তা। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।
কি কারণে এ হত্যাকাণ্ড, তাদের মধ্যে বিরোধ কি হয়েছিল- এমন প্রশ্নের উত্তরে পুলিশের ঐ কর্মকর্তা বলেন, বিষয়টি এখনও তদন্তাধীন রয়েছে। গ্রেপ্তারকৃতকে জিজ্ঞাসাবাদ করে পরে জানানো ভাবে।
সবুজবাগ থানার বাইকদিয়া এলাকায় থাকতেন নিহত ব্যবসায়ী জাকির হোসেন। তার ব্যবসা প্রতিষ্ঠান নন্দিপাড়া এলাকায়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

