খুনি শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার বিকালে জুলাই গণঅভ্যুত্থানের স্টালিনগ্রাদ খ্যাত রাজধানীর যাত্রাবাড়ীতে এ কর্মসূচি পালন করে নবগঠিত দলটি।
মিছিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক এস এম শাহরিয়ার বলেন, আপনারা যদি মনে করেন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফিরিয়ে আনবেন, তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন। রাজনীতিতে আওয়ামী লীগের নাম মুছে গেছে। এই খুনি দল আর কোনো দিন ফিরবে না।
তিনি আরো বলেন, শুধু আওয়ামী লীগকে কাগজে নিষিদ্ধ করলে হবে না, হিটলারের নাৎসি বাহিনীর যেভাবে বিচার করা হয়েছিল, ঠিক তেমন করে বিচারের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগকে চিরতরে নিশ্চিহ্ন করতে হবে।
এস এম শাহরিয়ার বলেন, ‘এলাকায় এলাকায় নাকি ৩০ মিনিটের স্লট বিক্রি হয়, যাতে করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা মিছিল করতে পারে। যারা জুলাই বিপ্লবের শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে ৩০ মিনিটের স্লট বিক্রি করে তাদের সতর্ক করে দিতে চাই; শহীদের রক্তের সঙ্গে বেইমানি করবেন না। এর পরিণতি ভালো হবে না। আমরা জুলাই বিপ্লবীরা এখনও রাজপথ ছাড়িনি। প্রয়োজন হলে আবারো প্রতিরোধ গড়ে তুলবো।’
তিনি আরও বলেন, স্বাধীনভাবে নিঃশ্বাস নিচ্ছেন তাই হয়তো আপনাদের ভালো লাগছে না। সময় আছে এখনও, সতর্ক হয়ে যান। সন্ত্রাসী আওয়ামী লীগের সঙ্গে কোনো আতাতে যাবেন না আপনারা।
মিছিলে আরো উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন, রাকিব হোসেন, মোহাম্মদ সাদেকুল ইসলাম, মিরাসাত হোসেন হিমেল, আসিফ উদ্দিন সম্রাট প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

