‘বৈষম্য-বিভাজন-দুর্নীতি দূর করার হাতিয়ার কোরবানি’

‘বৈষম্য-বিভাজন-দুর্নীতি দূর করার হাতিয়ার কোরবানি’

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী, প্রবাসী মুসলমান এবং বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারকবাদ জানিয়েছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছাবার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ঈদুল আজহা আমাদেরকে ত্যাগ, আনুগত্য, তাকওয়া এবং খাঁটি ঈমানের অমূল্য শিক্ষা দেয়। হজরত ইব্রাহিম (আ.) এবং ইসমাঈল (আ.)-এর কোরবানির ঘটনা মুসলিম উম্মাহর জন্য এক অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত—যা আত্মসমর্পণের মাধ্যমে আল্লাহর নির্দেশের প্রতি সর্বোচ্চ আনুগত্য বজায় রাখার মহান চেতনায় উদ্বুদ্ধ করে। আজ আমাদের সমাজে এই ত্যাগ ও কোরবানির চেতনা দুর্নীতি, বিভাজন, সামাজিক বৈষম্য এবং বিভ্রান্তির অন্ধকার দূর করার এক কার্যকর হাতিয়ার হতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমরা সরকারের কাছে জোরালো আহ্বান জানাই—জাতীয় ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির স্বার্থে জাতীয় মুদ্রা ‘টাকা' থেকে বিতর্কিত ডিজাইন বাতিল করে ইসলামী চেতনা সম্মান জানিয়ে নতুন নকশা দ্রুত প্রণয়ন করা হোক। একই সঙ্গে দেশের সকল ইসলামপ্রিয় দল, সংগঠন, সুধি সমাজ এবং সকল নাগরিকসহ আপামর তৌহিদী জনতাকে ইসলামের মৌলিক চেতনা রক্ষায় সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’

তিনি ফিলিস্তিনসহ বিশ্বের মাজলুম মুসলমানদের প্রতি সহমর্মিতা জানিয়ে বলেন, ‘পবিত্র ঈদুল আজহা-এর মাহাত্ম্যকে সামনে রেখে ফিলিস্তিনসহ বিশ্বের মাজলুম মুসলমানদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে ঐক্যবদ্ধভাবে তাদের পাশে এগিয়ে আসা প্রত্যেক মুসলিম শাসকের ঈমানী দায়িত্ব। একই সাথে তা নৈতিক ও মানবিক কর্তব্য। আমরা ফিলিস্তিন, কাশ্মীর, সিরিয়া, মিয়ানমার, উইঘুরসহ বিশ্বের নানা প্রান্তে নিগৃহীত, নিপীড়িত, নির্যাতিত এবং বাস্তুচ্যুত মুসলমানদের প্রতি সহমর্মিতা এবং সমর্থন অপরিহার্যভাবে সর্বদা অব্যাহত রাখবো, ইনশা-আল্লাহ। আল্লাহ তায়ালা আমাদের সকলকে এসব অত্যাচারিত মুসলমানদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন।’

পরিশেষে তিনি মহান আল্লাহর দরবারে দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর সমূহ কল্যাণ এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় দোয়া করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে, এই ঈদ হবে জাতীয় ঐক্য, ধর্মীয় জাগরণ এবং ঈমানি দৃঢ়তার এক নতুন দিগন্তের সূচনা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন