গুলশান জোনের এডিসিসহ ডিএমপির চার পুলিশ কর্মকর্তাকে বদলি

গুলশান জোনের এডিসিসহ ডিএমপির চার পুলিশ কর্মকর্তাকে বদলি
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দায়িত্ব থেকে সরানোর পর এবার একই বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. সরোয়ার হোসাইনকেও বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষর করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, ডিবির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আমিনুল হক বাপ্পীকে গুলশান জোনের এডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই আদেশে ডিএমপির আরো কয়েকজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের দায়িত্বে পরিবর্তন আনা হয়।

বদলির অংশ হিসেবে ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলামকে মিরপুর জোনের এডিসি করা হয়েছে। অন্যদিকে মিরপুর বিভাগের এডিসি ফারজিনা নাসরিনকে গোয়েন্দা-মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিমের এডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ফিন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশনের এডিসি মোহাম্মদ আমিনুল হক বাপ্পীকে গুলশান জোনে এবং গুলশান বিভাগের এডিসি মো. সারোয়ার হোসাইনকে গোয়েন্দা-ওয়ারী বিভাগের ডেমরা জোনাল টিমের এডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে গত ১১ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের একটি মিছিলের ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশের গোয়েন্দা তৎপরতা নিয়ে প্রশ্ন ওঠার পর বাহিনীর মধ্যে আলোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে গুলশান বিভাগের ডিসি ও ওসিকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এবার সেই ধারাবাহিকতায় বদলি করা হলো বিভাগের এডিসিকেও।

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন