ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেছেন, ১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে। বৃহস্পতিবার সকালে জাতীয় ইদগাহ ময়দানে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শাহজাহান বলেন, কোরবানির পশুর বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের জন্য ডিএসসিসির প্রায় ১০ হাজার পরিচ্ছন্নতা কর্মী, ২০৭টি ডাম ট্রাক, ২০০টি মিনি ট্রাকসহ বিভিন্ন যানবাহন ও যন্ত্রপাতি প্রস্তুত রাখা হয়েছে। আমরা এবার ৩০,০০০ মেট্রিক টন বর্জ্য অপসারণের প্রস্তুতি রেখেছি।
তিনি বলেন, দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫টি ওয়ার্ডে ১ লক্ষ ৪০ হাজার বায়ো-ডিগ্রেডেবল ব্যাগ, ৪০ টন ব্লিচিং পাউডার ও ২২২ গ্যালন স্যাভলন বিতরণ করা হয়েছে। ঈদের জামায়াত, কোরবানি হাট ও বর্জ্য ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা- কর্মচারীর ইদের ছুটি বাতিল করা হয়েছে। কুরবানির হাট ও বর্জ্য ব্যবস্থাপনার জন্য নগর ভবনের জরুরি পরিচালন কেন্দ্রে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।
নগরবাসীকে অনুরোধ জানানো হয়েছে নির্ধারিত স্থানে কোরবানি দিতে এবং বর্জ্য যত্রতত্র না ফেলে সহযোগিতা করতে। নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রশাসক বলেন, আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে ইদের জামাতে অংশ নিন, আমরা সর্বোচ্চ নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করবো, ইনশাআল্লাহ।
ব্রিফিংয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. জিল্লুর রহমানসহ সকল বিভাগীয় প্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

