বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম বলেছেন, যারা নির্বাচন পেছাতে চায় তারা ফ্যাসিবাদকে আমন্ত্রণ জানাতে চান, যারা নির্বাচন চায় না তারা হাসিনাকে টুপ করে দেশে প্রতিষ্ঠিত করতে চান। কিন্তু বাংলাদেশের দেশপ্রেমিক গণতন্ত্রকামী জনতা তাদের এ খায়েশ মিটতে দিবে না।
তিনি বলেন, আমরা শুরু থেকে বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে সহযোগিতা করে আসছি। আমরা এ সরকারের প্রতিদ্বন্দ্বী নই। কিন্তু নবগঠিত এটি দল বিএনপিকে এ সরকারের প্রতিদ্বন্দ্বী বানানোর অপচেষ্টা করছে।
শনিবার রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নীচ তলায় দলটির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রয়াত নাসির উদ্দিন আহমেদ পিন্টুর ১০ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক লিটন মাহমুদের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা হামিদুর রহমান হামিদ, নাসিমা আক্তার কল্পনা (শহীদ নাসির উদ্দিন পিন্টুর সহধর্মিনী), ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আ.ন.ম সাইফুল ইসলাম, আব্দুস সাত্তার, হাজী মনির হোসেন, সাইদুর রহমান মিন্টু, ফরহাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেনসহ মহানগর ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সালাম বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে টালবাহানা করছেন। আমি বলতে চাই নির্বাচনের জন্যই আপনাদের আনা হয়েছে। হাসিনা ১৫ বছর কোন নির্বাচন দেয় নাই- এ জন্যই সে ফ্যাসিস্ট হয়েছে।
তিনি ড: ইউনুসকে উদ্দেশ্য করে বলেন, কে কি বললো সেগুলো না দেখে এ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সাথে যে আলোচনা হয়েছে তাতে যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে সেগুলোকে সামনে রেখে নির্বাচনের তফসিল ঘোষণা করুন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

