দৈনিক বাসের লাখ টিকিট বিক্রি হয় সহজ-এ

দৈনিক বাসের লাখ টিকিট বিক্রি হয় সহজ-এ

অনলাইন টিকেটিং প্ল্যাটফর্ম সহজ-এর মাধ্যমে অনলাইনে এবং কাউন্টার থেকে প্রতিদিন গড়ে ৯০ হাজার থেকে ১ লাখ বাসের টিকিট বিক্রি হয়ে থাকে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সোমবার রাজধানীর একটি হোটেলে ‘টিকেটিং টু ট্রান্সফর্ম লাইভস’শীর্ষক সাংবাদিকদের সঙ্গে সহজ-এর এক মতবিনিময় সভায় প্রশ্নের জবাবে এ তথ্য জানানো হয়।

এক প্রশ্নের জবাবে সহজ-এর পক্ষ থেকে বলা হয়, প্রতিদিন গড়ে কত মানুষ ঢাকা ছাড়ের বা প্রবেশ করেন, তার সঠিক কোনও পরিসংখ্যান পাওয়া যায় না। তবে এই সংখ্যাটা আনুমানিক ৭-৮ লাখ হতে পাবে। ঈদের সময় প্রায় ৫০ লাখ মানুষ ঢাকা ছাড়েন। এর মধ্যে ১৮-২০ লাখ মানুষ ট্রেনে ভ্রমণ করেন। তবে ২৫ হাজারের মতো ট্রেনে আসন থাকায় অনেকেই অনলাইনে চেষ্টা করেও টিকিট পান না।

বিজ্ঞাপন

ঈদের সময় সহজ-এর সার্ভার ডাউন হওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে বলা হয়েছে, ট্রেনের সঙ্গে আমরা চুক্তিবদ্ধ হওয়ার পর প্রথম বছর সার্ভারে কিছু সমস্যা হয়েছিল। তারপর থেকে আর এই সমস্যা হয়নি। এখন সার্ভারের সক্ষমতা আরও বাড়ানো হয়েছে। তারপরও ট্রেনের আসন সংখ্যার কারণে টিকিট না পাওয়া মানুষের সংখ্যা বেশি হওয়ায় একটা অপপ্রচার চলতে দেখা যায়।

রেলের টিকিট কালোবাজারির সঙ্গে সহজ-এর একটি গ্রুপ জড়িত আছে কিনা, জানতে চাইলে প্লাটফর্মটির পক্ষ থেকে দাবি করা হয়, তারা একাধিক কেস খতিয়ে দেখেছে। কিন্তু কারো জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি।

এ ছাড়া ১২০টি বাস কোম্পানির টিকিটিংয়ের ক্ষেত্রে অনলাইন ও কাউন্টার ডিজিটালাইজেশনের কাজ করছে সহজ— এ তথ্য জানিয়ে সভায় বলা হয়, রুবিনা খান- গ্রোথ হেড বাংলাদেশে ডিজিটাল টিকেটিং পরিবহন ব্যবস্থাকে বদলে দিচ্ছে, যা ভ্রমণকে আরও সহজ, কার্যকরী ও চাপমুক্ত করে তুলেছে। প্রযুক্তির অগ্রগতির ফলে যাত্রীরা এখন বেশি স্বচ্ছতা, নিরাপত্তা ও সুবিধাজনক উপায়ে তাদের টিকেট সংগ্রহ করতে পারছেন। বিশেষ করে ঈদ, পূজা এবং জাতীয় ছুটির মতো ব্যস্ত মৌসুমে দীর্ঘ লাইনে দাঁড়ানোর ঝামেলা, অনিশ্চয়তা এবং শেষ মুহূর্তের দুশ্চিন্তা থেকে মুক্তি দিচ্ছে অনলাইন টিকেটিং।

এ সভায় অংশ নেন সহজ-এর চিফ বিজনেস অফিসার তালাত রহিম, চিফ অপারেটিং অফিসার সন্দীপ দেবনাথ, পরিচালক (টিকেটস) শাকিল জোয়াদ রহিম, প্রধান মানব সম্পদ কর্মকর্তা কর্নেল মোঃ আমিনুল হক (অবঃ), মার্কেটিং হেড উত্তম মজুমদার, এজিএম (অপারেশন্স) মোঃ শাহরিয়ার পাভেল ও লিড, ব্র্যান্ড ও কনটেন্ট আদিব রুশদ তারেক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন