রাজধানীতে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীতে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ীর দয়াগঞ্জ থেকে এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ওই পুলিশ সদস্যের নাম মোহাম্মদ হুমায়ুন (৪০)। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যানবাহন শাখায় কর্মরত ছিলেন।

সোমবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

থানাপুলিশ সূত্রে জানা গেছে, হুমায়ুন দয়াগঞ্জের একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া থাকতেন। তবে ওই ভবনের নিচতলায় গেটের ভেতরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ পাওয়া যায়। হুমায়ুনের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ‘আমরা সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখতে পাই বাড়ির নিচতলায় গেটের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশ ঝুলে আছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে আসেন এবং হুমায়ুনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

কামরুজ্জামান তালুকদার বলেন, হুমায়ুন নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন, নাকি তাকে অন্য কেউ গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখেছে- বিষয়টি এখনো জানতে পারিনি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন