রাজধানীর বিমানবন্দর থানাধীন সিভিল এভিয়েশন কোয়াটার গেট সি-টাইপ এলাকার ফুটপাত থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২৫ বছর। এখনো তাঁর পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাতে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, গতকাল রাতে খবর পেয়ে সিভিল এভিয়েশন কোয়াটারের গেটের সামনের ফুটপাত থেকে ওই যুবককের অচেতন দেহটি উদ্ধার করি। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান ওই যুবকটি আর বেঁচে নেই।
এস আই আরো জানান, ঘটনাস্থলের আশেপাশের লোকদের জিজ্ঞেস করে আমরা ওই যুবকের নাম-পরিচয় জানতে পারিনি। আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টি জানার চেষ্টা চলছে। প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক ) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনে প্রক্রিয়া চলমান রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

