রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের সদস্যরা ৮ দফা দাবি জানিয়েছেন।
তারা বলেছেন, দুর্ঘটনার পর কিছুদিন সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও এখন কেউ যোগাযোগ করছে না। আহত যারা এখনো হাসপাতালে আছে তাদের সঠিক চিকিৎসা হচ্ছে না। তাদের স্থায়ী হেলর্থ কার্ড দিতে হবে।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে জোহর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
নিহত নাজিয়া ও নাফির বাবা আশরাফুল ইসলাম জানান, আমাদের কলিজার টুকরাগুলো আগুনে পুড়ে ছাই হয়েছে। ফুলের মতো সুন্দর ও নিষ্পাপ মুখগুলো আমরা কবরে রেখে এসেছি।
তিনি জানান, আমরা চাই এ দুর্ঘটনার সঠিক কারণ নির্ণয় হোক, হতাহতের পরিবারের সদস্যরা যাতে ক্ষতিপূরণ পায়, আহতরা যাতে বিনামূল্যে চিকিৎসা ও ফলোআপ করার সুযোগ পায়, সে ব্যবস্থা যেন সরকার করে। আর এ ব্যবস্থা সরকারকে করতেই হবে, কারণ আমাদের বাচ্চাগুলো স্কুলে ছিল। সরকারের বিমান এসে স্কুলে পড়েছে। বিশ্বে এ ধরনের ঘটনা আর কোথাও ঘটেনি। এ বিমান যেকোনো জায়গায় যে কারো ওপর পড়তে পারত। তিনি সরকারের কাছে ৮ দফা দাবি করেন। সেগুলো হল-কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসের হায়দার আলী ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনার সঠিক তদন্ত ও দায়ীদের দ্রুত বিচার করতে হবে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দিতে হবে; আমরা যা হারিয়েছি তা অমূল্য, কোনো কিছুর ক্ষতির দাম নির্ধারণ করা যাবে না।
চলতি বছরের ২২ জুলাই ওই ঘটনার প্রেক্ষিতে জনস্বার্থে রিটকৃত রিট নং ১১৮৪২/২০২৫ এ উল্লিখিত নিহতদের জন্য পাঁচ কোটি এবং আহতদের জন্য দুই কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান করতে হবে; সরকারি ব্যবস্থাপনায় হেল্থ কার্ডের ব্যবস্থা করতে হবে; বিমান দুর্ঘটনায় আহত অনেককে দীর্ঘ, সরকারি থাকতে হবে। তাছাড়া ডাক্তারদের ভাষ্য মতে, আগুনে পোড়ার কারণে আহতরা হঠাৎ বিভিন্ন ধরনের মারাত্মক রোগে আক্রান্ত হবে। এর চিকিৎসা খুবই ব্যয়বহুল। তাই আহতরা সিএমএইচ/সরকারি হাসপাতালে যেন আজীবন ফ্রি চিকিৎসা (ঔষধসহ) পেতে পারে হেলথ কার্ডের মাধ্যমে তা নিশ্চিত করতে হবে, দুর্ঘটনায় আহতদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে; দুর্ঘটনায় আহতদের অনেকেই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে না। তাদেরকে সরকারি চাকরি প্রদানসহ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, ২১ জুলাই শিক্ষা প্রতিষ্ঠানে শোক দিবস হিসেবে পালন করতে হবে; এই ভয়াবহ বিমান দুর্ঘটনায় হতাহতদের কথা স্মরণ করতে প্রতি বছর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ২১ জুলাই দিনটিকে যেন শোক দিবস হিসেবে যেন পালন করা হয় সে জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে, নিহতদের কবর সংরক্ষণ করতে হবে; বিমান দুর্ঘটনায় নিহতদের অনেককে সিটি কর্পোরেশনের কবরস্থানে দাফন করা হয়েছে; তাদের কবরগুলো স্থায়ী কবর হিসেবে সংরক্ষণ করতে হবে, শহিদি মর্যাদা প্রদান করতে হবে; দুর্ঘটনায় নিহত পাইলট, শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রী ও আয়াসহ সবাইকে শহিদি মর্যাদা (সনদ এবং গেজেটসহ) ও সব প্রকার সুযোগ-সুবিধা প্রদান করতে হবে এবং নিহতদের স্মরণে উত্তরায় একটি মসজিদ নির্মাণ করতে হবে; বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে উত্তরায় একটি আধুনিক মসজিদ নির্মাণ করতে হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


