মানিকগঞ্জের পুটাইল ইউনিয়নের একটি বাঁশবাগানে ভেতর গত শুক্রবার পাওয়া যায় একটি কার্টন। কার্টনটির ভেতরে ছিল পলিথিনে মোড়ানো এক নারীর লাশ। পচন ধরে ফুলে ওঠায় মুখমণ্ডল এমনভাবে বিকৃত ও থ্যাঁতলানো হয়েছিলো যে, কেউই শনাক্ত করতে পারছিল না মৃত নারীর পরিচয়। পরিচয়হীন ওই লাশ ঘিরে তৈরি হয় চরম রহস্য। শেষ পর্যন্ত সিআইডির প্রযুক্তিনির্ভর অনুসন্ধানে উদঘাটন করা হয় তরুণীর পরিচয়।
সোমবার সিআইডি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়রা বাঁশবাগানে ফেলে রাখা একটি বড় কার্টন থেকে রক্ত ঝরতে দেখে পুলিশকে খবর দেন। মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি সিআইডির ক্রাইম সিন ইউনিটকে জানায়। পরে বেলা ১২টা ৪০ মিনিটে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। কার্টন খুলে তারা অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করে এবং পরিচয় শনাক্তের জন্য কোনো দৃশ্যমান ক্লু ছিল না।
তদন্তের অংশ হিসেবে সিআইডি প্রথমে ডিজিটাল ডিভাইসে আঙুলের ছাপ নিয়ে জাতীয় পরিচয়পত্র ডেটাবেজে মিলিয়ে দেখে, তবে কোনো মিল পাওয়া যায়নি। পরে সংস্থাটি উন্নত বায়োমেট্রিক প্রযুক্তি ব্যবহার করে ভিকটিমের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়।
প্রযুক্তিনির্ভর এই অনুসন্ধানের মাধ্যমে জানা যায়, নিহত তরুণীর নাম বিউটি গোস্বামী (৩৮), বাড়ি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার উত্তর দলগ্রামে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

