জুলাই সনদ ও ঘোষণাপত্রের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে জুলাই যোদ্ধারা। দাবি না মানা পর্যন্ত এ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা।এদিন সকাল থেকেই যান চলাচল বন্ধ থাকে রাজধানীর গুরুত্বপূর্ণ এই মোড়ে। এর প্রভাব সাইন্সল্যাব, ফার্মগেট, পল্টন এবং গুলিস্তান সড়কেও পড়ে। এতে ব্যাপক দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
আন্দোলনরত যোদ্ধারা বলেন, যারা জুলাই সনদ ও ঘোষণা নিয়ে টালবাহানা করছে তাদের অসৎ উদ্দেশ্য রয়েছে। যারা ৭১ ও ২৪ কে আলাদা করে দেখে তারা জাতিকে বিভ্রান্ত করতে চায়। এটা আমাদের প্রাণের দাবি। জুলাই সনদের ঘোষণা পত্র সংবিধানে সংযুক্ত করতে হবে। এই দাবি মেনে নেওয়া না হলে আমাদের জীবন যাবে তবুও রাজপথ ছাড়বো না। জুলাই সনদ পেলে আমরা সাথে সাথে রাস্তা ছেড়ে দিয়ে দেব।
এবিষয়ে জুলাই যোদ্ধা সংসদের মুখ্য সংগঠক মাসুদ রানা বলেন, গণঅভ্যুত্থানের এক বছর হয়ে গেলেও অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ ও ঘোষণাপত্র দিতে পারেনি। এর চেয়ে দুঃখজনক ঘটনা হতে পারে না। আমাদের আন্দোলন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও পঙ্গুত্বদের পুনর্বাসন এবং জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায়ের আন্দোলন। এই দাবি না মানা পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
তিনি বলেন, ভালো কিছু পেতে হলে একটু কষ্ট করতে হয়। আমরাও বুঝতে পারছি যান চলাচল বন্ধ থাকার কারণে সাধারণ মানুষের চলাচলের অসুবিধা হচ্ছে। আমরা এর ক্ষমা প্রার্থনা করছি।
এছাড়াও জুলাই যোদ্ধা আরমান বলেন, জুলাই সনদ ও ঘোষণাপত্র গণঅভ্যুত্থানের তিন মাসের মধ্যে দেওয়ার কথা ছিল। কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয়নি। জুলাই সনদ নিয়ে কেন টালবাহানা? তাহলে কি আমরা ধরে নেব এ সরকার আওয়ামী লীগ চালাচ্ছে। এখনো আমাদের খুন করার হুমকি দেওয়া হয়। আমরা আমাদের শহীদ পরিবার ও পঙ্গু ভাইদের হিস্যা নিতে এসেছি। যদি জুলাই সনদ, ঘোষণাপত্র এবং যোদ্ধাদের স্বীকৃতি না পাই তাহলে পূর্বের সরকারের মতোই পরিণতি হবে।
তিনি আরও বলেন, পিআর পদ্ধতির সাথে সনদের কি সম্পর্ক? পিআর পদ্ধতির জন্য কেন আটকে থাকবে? মৌলিক সংস্কারের সাথে জুলাই সনদের সম্পর্ক থাকা সত্ত্বেও বিভক্ত করা হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

