নারী অধিকার সংস্কার বিষয়ক কমিশনের প্রস্তাব বাতিল, শাপলা ট্রাজেডি ও আওয়ামী শাসনামলে সব গণহত্যার বিচারসহ চার দফা দাবিতে ডাকা হেফাজতে ইসলামের মহাসমাবেশ উপলক্ষে লোকে লোকারণ্য হয়ে পড়েছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও আশেপাশের এলাকা।
শনিবার সকাল থেকেই সরেজমিনে এমন চিত্র দেখা যায়। সকাল ৯টা থেকে মহাসমাবেশ শুরু হলেও ফজরের নামাজের পর থেকেই নেতাকর্মীদের আসতে দেখা যায়। মহাসমাবেশ চলবে দুপুর ১টা পর্যন্ত।
মহাসমাবেশ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে তৈরি করা হয়েছে বিশালকার মঞ্চ। সমাবেশস্থলে ফজরের নামাজের পর বিভিন্ন এলাকা থেকে আসতে দেখা যায় সংগঠনটির নেতাকর্মীদের।

এর আগে, গত শুক্রবার (২ মে) বিকেলে মঞ্চসহ সমাবেশের মাঠ পরিদর্শনে আসেন সংগঠনের নেতারা৷ এ সময় তারা সুশৃঙ্খলভাবে কর্মসূচিতে যোগদান করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। হেফাজত নেতারা আশা করছেন, এই মহাসমাবেশ দেশের ধর্মপ্রাণ মানুষদের ভাবনা সরকার ও সংশ্লিষ্ট মহলে পৌঁছে দিতে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। শান্তিপূর্ণ সমাবেশের পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থায় থাকতে দেখা যায় তাদের।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

