রাজধানীর ডেমরার কোনাপাড়ায় বন্ধুদের সাথে সুইমিংপুলে গোসল করতে নেমে মো. সাকিব হোসেন (১৮) নামে এক এইচএসসি শিক্ষার্থীর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। রোববার দুপুর সাড়ে বারোটার দিকে ঘটনাটি ঘটে। সাকিব দনিয়া কলেজের এ বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিল।
মৃতের বন্ধু ইফাত পাটোয়ারী জানিয়েছেন, তাদের এলাকার প্রায় ১৬ জন বন্ধু মিলে ৩২শ টাকায় ডেমরা কোনাপাড়ার সামসি স্পোর্টস গ্যালারির সুইমিংপুল স্পট ভাড়া নিয়েছিলেন। মাঠে ফুটবল খেলাধুলা শেষে সবাই সুইমিংপুলে গোসলে নেমেছিলেন। এর মধ্যে হঠাৎ সাকিব পানিতে তলিয়ে যায়।
পরে দেখতে পেয়ে সুইমিংপুল কর্তৃপক্ষের লোকজনের সহযোগিতায় সকলে মিলে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে সেখান থেকে দুপুর দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, লাশটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
মৃত সাকিব কদমতলীর দনিয়া বড়বাড়ি এলাকার স্থানীয় বাসিন্দা ইলেকট্রিক মিস্ত্রি আরিফ আলীর একমাত্র ছেলে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

