রাজধানীর বাবুবাজার এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির কোতোয়ালি থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—আকিব হোসেন আলতাফ (২০), মো. আল আমিন (২৫) ও মো. মিলন (২৩)।
শনিবার ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত শুক্রবার রাত আনুমানিক ৯টায় বাবুবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কোতোয়ালি থানার একটি টিম তথ্য পায়, কয়েকজন দুষ্কৃতকারী কোতোয়ালি থানার বাবুবাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ছিনতাই করার উদ্দেশে একত্রিত হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে তিনটি ধারালো চাকু ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়েছে।
জানা যায়, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য। তারা দীর্ঘদিন ধরে কোতোয়ালি সহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

