রাজধানীর দক্ষিণখানে স্বামীর হাতে স্ত্রী খুন

রাজধানীর দক্ষিণখানে স্বামীর হাতে স্ত্রী খুন

রাজধানীর দক্ষিণখানে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে আকলিমা আক্তার (৩৩) নামের এক নারী খুন হয়েছেন। সোমবার রাতে দক্ষিণখান থানাধীন দেওয়ানবাড়ী পাকারমাথা এলাকার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত আকলিমার জামাতা আবির হোসেন জানান, আকলিমার দ্বিতীয় স্বামী মো. মাসুদের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। রাতের বেলায় কথা কাটাকাটির একপর্যায়ে মাসুদ আকলিমাকে মাথা ও দুই হাতে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। গুরুতর অবস্থায় প্রথমে তাকে উত্তরা কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়। পরে দিবাগত রাত বারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আকলিমাকে মৃত ঘোষণা করেন।

জামাতা আবির আরো জানান, ঘটনার পর মাসুদকে বাসায় আটকে রেখে পুলিশকে খবর দেওয়া হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে দক্ষিণখান থানা পুলিশকে অবগত করা হয়েছে।

নোয়াখালীর চাটখিল থানার মৃত রফিকুল্লাহর মেয়ে আকলিমা পরিবার নিয়ে দক্ষিণখান দেওয়ানবাড়ী পাকারমাথা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি পেশায় কাপড়ের ব্যবসায়ী ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন