মাগুরায় ধর্ষণের শিকার শিশুর ৯৭ শতাংশ ছবি-ভিডিও অপসারিত: বিটিআরসি

মাগুরায় ধর্ষণের শিকার শিশুর ৯৭ শতাংশ ছবি-ভিডিও অপসারিত: বিটিআরসি

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটির ফেসবুক ও টিকটকে থাকা ৯৭ শতাংশ ছবি এবং ভিডিওর লিঙ্ক অপসারণ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

মঙ্গলবার বিটিআরসির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স বিভাগ থেকে এ তথ্য জানায়, এখনো যে সব জায়গায় তার ছবি-ভিডিও রয়েছে সেগুলোও শনাক্ত করে অপসারণ করার কার্যক্রম চলমান রয়েছে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্টরা জানিয়েছেন, হাইকোর্টের নির্দেশনার পরেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকে ছড়িয়ে পড়া মাগুরার ওই শিশুর ছবি-ভিডিও অপসারণের কার্যক্রম শুরু হয়। সে অনুযায়ী ফেসবুক ও টিকটকে থাকা ২০৩টি লিঙ্ক শনাক্ত করা হয়েছে। পরে এরই মধ্যে ১৯৫টি লিঙ্ক অপসারণ করা হয়েছে। আর বাকিগুলোও অপসারণ এবং নতুন লিঙ্ক শনাক্তের কার্যক্রম চলমান রয়েছে।

এর আগে, রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির ছবি, ভিডিও যেসব গণমাধ্যম ও ব্যক্তি প্রকাশ ও প্রচার করেছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৪ ধারা অনুযায়ী এ ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আইজিপিসহ সংশ্লিষ্টদের আগামী তিন কার্যদিবসের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

একই সাথে শিশুটির সব ছবি ও ভিডিও গণমাধ্যম, অনলাইন পোর্টাল ও সব সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিটিআরসি কর্তৃপক্ষকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন