ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পীগোষ্ঠীর ২০২৬ সেশনের জন্য আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন হাফেজ নিয়ামুল হোসাইন এবং সহকারী পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন শিল্পী মোরশেদুল ইসলাম। ১৯৭৮ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি ধারাবাহিকভাবে সুস্থ সংস্কৃতির চর্চা, মূল্যবোধভিত্তিক সাংস্কৃতিক আন্দোলন এবং অপসংস্কৃতির বিরুদ্ধে সচেতন ভূমিকা রেখে আসছে।
শুক্রবার রাজধানীর মগবাজারে সাইমুম অফিসে সদস্যদের নিয়ে আয়োজিত বৈঠকে ২০২৬ সেশনের জন্য এই মনোনয়ন দেওয়া হয়। নতুন এই কমিটির মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, প্রশিক্ষণ কার্যক্রম ও সাংস্কৃতিক আন্দোলন আরো গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাইমুম শিল্পীগোষ্ঠীর চেয়ারম্যান নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাবেক পরিচালক ও দেশীয় সাংস্কৃতিক সংসদের নির্বাহী পরিচালক শিল্পী সাইফুল্লাহ মানছুর।
সাবেক পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শরীফ বায়েজিদ মাহমুদ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আব্দুল্লাহিল কাফি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হুসনে মোবারক, নাট্যকার এবিএম নোমান আজাদ, শিল্পী আবু রায়হান ও শিল্পী আব্দুল্লাহ আল নোমান। এছাড়া সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)-এর নির্বাহী পরিচালক এইচ এম আবু মুসাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাইমুমের বিভিন্ন দায়িত্বশীলরা জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তবে জাতির প্রত্যাশা পূরণে সাইমুমকে আরও গতিশীল ও পরিকল্পিতভাবে কাজ করতে হবে। নতুন যারা দায়িত্বের জন্য মনোনীত হয়েছেন, আল্লাহ তাদের কাজ সহজ করে দিন।
সাইফুল্লাহ মানছুর বলেন, সাইমুম একটি পবিত্র সাংস্কৃতিক আন্দোলনের ধারক। এই বলয়কে আরও গতিশীলভাবে সম্প্রসারণ করতে হবে। তিনি আরো বলেন, মানুষ সাংস্কৃতিক আন্দোলনের প্রতীক হিসেবে সাইমুমকেই দেখে। তাই দায়িত্বশীলভাবে এগিয়ে যেতে হবে। সাবেক পরিচালকদের অভিজ্ঞতা নিয়েই সাইমুম আগামীতে আরও অগ্রসর হবে।
নবগঠিত কমিটি আগামী এক বছর সংগঠনের বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম, প্রশিক্ষণ কর্মসূচি ও সৃজনশীল উদ্যোগ বাস্তবায়নে দায়িত্ব পালন করবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাইমুমের সদ্য বিদায়ী পরিচালক শিল্পী জাহিদুল ইসলাম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

