সমালোচিত ও বিতর্কিত ডিআইজি মোল্যা নজরুল ইসলাম ও সিলেট জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। চলতি বছরের ৯ ফেব্রুয়ারি থেকে তারা বরখাস্ত হিসেবে গণ্য হবেন।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বরখাস্তের তথ্য প্রকাশ করা হয়েছে।
বহুল বিতর্কিত এই পুলিশ কর্মকর্তা মোল্যা নজরুল শেখ হাসিনার শাসনামলে নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন। গাজীপুরের কমিশনার থাকাবস্থায় নানা অনিয়মে জড়ানোর তথ্য পাওয়া যায়। ডিবি পুলিশে থাকাকালীনও বিস্তর অভিযোগ উঠে তার বিরুদ্ধে। আবদুল মান্নানের বিরুদ্ধেও বিস্তর অভিযোগ রয়েছে।
এর আগে গত ১১ মার্চ গ্রেপ্তার হয়ে কারাগারে থাকায় সরকারি চাকরি থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপকমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ, বাগেরহাট জেলার সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খান ও নোয়াখালীর সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়।
সিনিয়র সচিব নাসিমূল গণি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, গত ৯ ফেব্রুয়ারি মামলার পরিপ্রেক্ষিতে ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। সেহেতু ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী গত ৯ ফেব্রুয়ারি সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
আরেক প্রজ্ঞাপনে বলা হয়, গত ৯ ফেব্রুয়ারি মামলার পরিপ্রেক্ষিতে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত (সাবেক সিলেট জেলা পুলিশ সুপার) আব্দুল মান্নানকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে সিলেট কারাগারে পাঠানোর আদেশ দেন। সেহেতু, পুলিশ সুপার আব্দুল মান্নানকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী গত ৯ ফেব্রুয়ারি সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
এই দুই কর্মকর্তা বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

