রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে ১২ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি শিশুটিকে শারিরিক নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। শিশুটির নাম পরিচয় জানা যায়নি। তার পরনে ছিল চেক শার্ট ও জিন্স প্যান্ট।
যাত্রাবাড়ী থানার এসআই হাসান বশির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, সোমবার দুপুর ২টার দিকে সংবাদ পেয়ে যাত্রাবাড়ী আনোয়ারা আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এস আই বলেন, হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে জানা গেছে গত শনিবার আল আমিন নামের একটা ছেলের সঙ্গে তারা দুই জন হোটেলে ওঠেন । সোমবার দুপুরে হোটেল কর্তৃপক্ষ সংবাদ দেওয়ার পরে রুমের বাইরে থেকে তালা দেয়া দরজা ভেঙে রুমে প্রবেশ করে শিশুটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। শিশুটির ঘাড়-মটকানো ও ডান চোখে যখম রয়েছে। মৃতের সঙ্গে হোটেলে ওঠা ছেলেকে পাওয়া যায়নি।
তিনি জানান, প্রাথমিকভাবে হত্যাকাণ্ড মনে হলেও তদন্ত সাপেক্ষে ও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। নিহতের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
ডিএমপির মিডিয়া বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, শিশুটিকে সেক্সুয়ালি এ্যাসল্ট করা হয়েছে। নিজের ভাগিনা পরিচয় দিয়ে ওই হোটেলে উঠে আল-আমিন। রোববার থেকে আল-আমিন হোটেলে না আসায় সোমবার সকালে হোটেল কর্তৃপক্ষ ওই ব্যক্তিকে ফোন করে। ঘটনার পর থেকে সন্দেহভাজন হত্যাকারী আল আমিন পলাতক রয়েছে। গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

