এইচএসসিতে ভালো ফল, ৩০ শিক্ষার্থীকে চিঠি ও উপহার পাঠালেন ডিসি

এইচএসসিতে ভালো ফল, ৩০ শিক্ষার্থীকে চিঠি ও উপহার পাঠালেন ডিসি

এইচএসসি পরীক্ষায় ভালো ফল অর্জন করায় ত্রিশজন শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম। শুধু পরীক্ষায় ভালো ফলের প্রশংসাই নয়, চিঠিতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন, উচ্চশিক্ষা, মানবিক মূল্যবোধ ও দেশ গঠনে ভূমিকা রাখার বিষয়ে উৎসাহ দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের জন্য পাঠানো হয়েছে উপহারসামগ্রীও।

বিজ্ঞাপন

সোমবার ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশে ডিসি ফরিদা খানম লিখেছেন, তোমার হাতে এই চিঠিটি যখন পৌঁছাবে, হয়তো তুমি ভাববে, জেলা প্রশাসক কেন একজন শিক্ষার্থীকে আলাদাভাবে চিঠি লিখেছেন? কারণ, তোমার মধ্যে আমি শুধু আজকের একজন মেধাবী শিক্ষার্থীকে নয়, আগামী দিনের একজন আলোকিত মানুষকে দেখতে পাচ্ছি।

চিঠিতে এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীর সাফল্যে ঢাকা জেলা প্রশাসন ও নিজের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এই অর্জন শুধু শিক্ষার্থীর মেধা ও বিনিদ্র রজনীর অক্লান্ত পরিশ্রমের ফল নয়, এটি তার বাবা-মা ও শিক্ষকদের অবিচল আস্থা এবং ত্যাগেরও প্রতিফলন।

তিনি আরো লেখেন, উচ্চমাধ্যমিকের এই সিঁড়ি পার হয়ে শিক্ষার্থী সম্ভাবনার এক বিশাল দিগন্তে পা রেখেছে। তবে এটি কোনো গন্তব্য নয়, বরং একটি মহাযাত্রার শুরু। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের নতুন অধ্যায়ে নিজেকে আরও বেশি কৌতূহলী, সাহসী ও জ্ঞানপিপাসু হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বর্তমান সময়ের বাস্তবতা তুলে ধরে জেলা প্রশাসক বলেন, আধুনিক যুগে শুধু জিপিএ-৫ অর্জনের মধ্যে নিজেকে আটকে না রেখে তথ্যপ্রযুক্তি, মানবিক মূল্যবোধ ও গভীর দেশপ্রেমে বলীয়ান হতে হবে। শিক্ষার্থীর ভেতরের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে এমন মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি, যে শুধু নিজের ক্যারিয়ার গড়বে না, বরং নিজের মেধা দিয়ে আগামীর উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দেবে।

ভবিষ্যতের কথা স্মরণ করিয়ে দিয়ে ফরিদা খানম চিঠিতে লেখেন, ‘হ হয়তো অনেক বছর পর তুমি এই চিঠিটি আবার পড়বে। যখন তোমাকে ঘিরে তোমার বাবা-মায়ের স্বপ্ন পূরণ হবে। তোমার জীবনের পথ অনেক দূর এগিয়ে যাবে। সেই দিনটিতে যেন তুমি ফিরে তাকিয়ে বলতে পারো—আমি আমার স্বপ্নকে সম্মান করেছি, আমার মেধার মর্যাদা রেখেছি এবং একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করেছি।’ চিঠির শেষাংশে শিক্ষার্থীর অদম্য পথচলা অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়ে তাদের সাফল্যের প্রতিটি শিখরে বিজয় কামনা করেন ঢাকার জেলা প্রশাসক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন