রাস্তা ও খেলার মাঠ ভূমিদস্যুদের দখল থেকে উদ্ধারের দাবিতে মিছিল

রাস্তা ও খেলার মাঠ ভূমিদস্যুদের দখল থেকে উদ্ধারের দাবিতে মিছিল

রাজধানীর মিরপুর -১০এর বেনারসি শাড়ি মার্কেটে ভূমিদস্যুদের দখলে থাকা সরকারি রাস্তা, ৫ বিঘা খেলার মাঠ ও দুটি চিল্ড্রেন পার্ক উদ্ধারের দাবিতে সমবেশ ও মিছিল করেছেন এলাকাবাসী।

বুধবার মিছিল-পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজকর্মী আমিনুল কবির উজ্জ্বল। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ (ন্যাপ বাংলাদেশ) এর মহাসচিব নেয়াজ আহমেদ খান।

বিজ্ঞাপন

এলাকাবাসীর মধ্য হতে বক্তব্য রাখেন মোহাম্মদ জাহিদ, মোহাম্মদ কোরবান আলী, রাজু বিন সামাদ প্রমুখ।

সমাবেশ হতে সরকারের নিকট ১০ দফা দাবি তুলে ধরেন প্রধান অতিথি। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মিরপুর বিভাগ-২ কর্তৃক প্রণীত সকল খণ্ড নকশা অবিলম্বে বাতিল, খণ্ড নকশার সাথে জড়িত হাউজিং কর্মকর্তা ও উপকারভোগী ভূমিদস্যুদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা দায়ের, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ড ভুক্ত মিরপুর ১০ কের দখল হয়ে যাওয়া ৫ বিঘার খেলার মাঠ ও দুটি চিলড্রেন পার্ক অবিলম্বে ভূমিদস্যুদের হাত হতে উদ্ধার, ৬০ ফিট ও ৪০ ফিট প্রশস্ত চারটি লিংক রোড হতে অবৈধ স্থাপনা অপসারণসহ ডিসি (ট্রাফিক) মিরপুর বিভাগের অবৈধ ভবন ভেঙ্গে ফেলার দাবি এলাকাবাসী উত্থাপন করে অবিলম্বে ভূমিদস্যুদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

সমাবেশের সভাপতি আমিনুল কবির উজ্জ্বল তার বক্তব্যে ভূমিদস্যুতার নিন্দা জানান ও রাস্তার জায়গার দখল নিজ দায়িত্বে অপসারণের অনুরোধ জানান। সিটি কর্পোরেশন বা রাজউক বাড়ি ভাঙতে আসলে পুরো সম্পত্তির ক্ষতি হবে বলে উজ্জ্বল সবাইকে জানান।

সমাবেশ শেষে ৩ নং ওয়ার্ড বাসি মিরপুর এর বেনারসি পল্লী প্রদক্ষিণ করে ডিসি ট্রাফিক মিরপুর বিভাগের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়ে কর্মসূচি সমাপ্ত করেন। মিছিলে ভূমিদস্যু দখলবাজ চাঁদাবাজ ও দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের শাস্তি দাবি করে স্লোগান দেন এলাকাবাসী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন