রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতাল থেকে মূল্যবান নির্মাণসামগ্রীর অংশ (স্ক্রাব) চুরির ঘটনায় চোরাই মালামাল উদ্ধার, রহস্য উদ্ঘাটনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানার পুলিশ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর মুখপাত্র উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলেন— আল মামুন সরকার (৩৩), মো. মামুনুর রশীদ (৪০) ও মো. মাসুম বিল্লাহ (৩৫)।
শাহবাগ থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ এপ্রিল) ভোর আনুমানিক ৬টায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সংযুক্ত সুপার স্পেশালাইজড হাসপাতালের বেজমেন্ট-২ এর নির্মাণাধীন প্রকল্পের ভবনের প্রকৌশল শাখার মূল্যবান নির্মাণসামগ্রীর অংশ (স্ক্রাব) মিনি ট্রাকের মাধ্যমে কতিপয় ব্যক্তি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় শাহবাগ থানায় একটি চুরির মামলা রুজু করা হয়।
শাহবাগ থানা সূত্রে আরও জানা যায়, মামলাটি রুজুর পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭টায় সুপার স্পেশালাইজড হাসপাতাল থেকে মামুন সরকার ও মো. মামুনুর রশীদকে গ্রেপ্তার করা হয়।
একই দিন রাত আনুমানিক সাড়ে ১১টায় বাড্ডা থানা এলাকা থেকে মো. মাসুম বিল্লাহকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে চারটি মিনি ট্রাক নির্মাণসামগ্রীর অংশ (স্ক্রাব) মালামাল উদ্ধার করা হয়, যার আনুমানিক দাম ১০ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা অসাধু চোর চক্রের সক্রিয় সদস্য। তারা সুপার স্পেশালাইজড হাসপাতালের অব্যবহৃত নির্মাণসামগ্রীর অংশ (স্ক্রাব) মালামাল চুরি করেছে বলে স্বীকার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

