দেশের প্রান্তিক পর্যায়ে সাশ্রয়ী মূল্যে আইনি সহায়তা প্রদানে গ্রাম আদালতগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দীর্ঘ আইনি জটিলতা এড়িয়ে ন্যায় বিচার প্রাপ্তিতে গ্রাম আদালত নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য একটি অন্তর্ভুক্তিমূলক ন্যায়বিচার প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার উপর জোর দিয়েছেন বক্তারা।
রোববার গ্রামীণ নারী ও প্রান্তিক জনগণের জন্য জেন্ডার-সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রামীণ আদালত সেবার গুরুত্ব- শীর্ষক এক জাতীয় গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।
স্থানীয় সরকার বিভাগ, ইউএনডিপি ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় পরিচালিত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ ৩য় পর্যায় প্রকল্প আয়োজিত এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুমতাজ আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদী, ইউএনডিপি'র সিনিয়র গভর্নেন্স স্পেশালিস্ট তানভীর মাহমুদ, সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, উন্নয়ন সংস্থা, একাডেমিয়া এবং গণমাধ্যম প্রতিনিধিরা। বৈঠকের সঞ্চালনায় ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এবং বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ ৩য় পর্যায় প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক সুরাইয়া আক্তার জাহান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপির অ্যাসিসট্যান্ট রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ আনোয়ারুল হক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদী বলেন, গ্রাম আদালতকে শক্তিশালী ও কার্যকর করতে হলে নারীর অন্তর্ভুক্তিকে বাধ্যতামূলক করা জরুরি। প্রান্তিক পর্যায়ে নারীদের নিরপেক্ষ ও দ্রুত বিচারপ্রাপ্তি নিশ্চিত করতে গণমাধ্যম, স্থানীয় সরকার ও সব মন্ত্রণালয়ের সমন্বিত সহযোগিতা প্রয়োজন। উচ্চ আদালতের দীর্ঘসূত্রিতা ও ব্যয়ের বিকল্প হিসেবে গ্রাম আদালত ইতিমধ্যে কার্যকর সমাধান হিসেবে কাজ করছে এখন দরকার আরও প্রচার, প্রশিক্ষণ এবং সামাজিক সচেতনতা। সারা দেশে স্থানীয় সরকারের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেগুলোর সুযোগ ও সুবিধা কাজে লাগিয়ে আমরা গ্রাম আদালত সম্পর্কে প্রান্তিক জনগোষ্ঠীর সচেতনতা বাড়াতে পারি।
মূল প্রবন্ধে প্রকল্পের জেন্ডার এনালিস্ট শামীমা আক্তার শাম্মী বাংলাদেশে গ্রাম আদালতের বর্তমান অবস্থা, প্রতীয়মান সমস্যা এবং প্রতিকার বিষয়ে একটি সামগ্রিক চিত্র তুলে ধরে বলেন, গ্রামীণ এলাকায় কাঠামোগত ও সামাজিক প্রতিবন্ধকতার কারণে নারী এবং প্রান্তিক জনগণ প্রায়ই ন্যায়বিচার থেকে বঞ্চিত হন। এসকল প্রধান সমস্যাগুলোর মধ্যে রয়েছে আইনি অধিকার সম্পর্কে সচেতনতার অভাব, তথ্যের অভাব, প্রক্রিয়ার জটিলতা, পরিবহন সমস্যা এবং সামাজিক ও পারিবারিক সীমাবদ্ধতা। গ্রামীণ আদালত প্যানেলে নারী সদস্যদের অংশগ্রহণ বাড়ানোর ক্ষেত্রে সমাজে বিদ্যমান সংশয়, পুরুষ সদস্যদের সহানুভূতির অভাব এবং চেয়ারম্যানদের মতামত উপেক্ষা করা অন্যতম চ্যালেঞ্জ হিসেবে সামনে আসে। বিশেষ করে নারী ও প্রান্তিক জনগণের ন্যায়বিচারের বিষয়ে।
তথ্যে দিয়ে তিনি বলেন, ফেব্রুয়ারি ২০২৪ থেকে আগস্ট ২০২৫ পর্যন্ত গ্রামীণ আদালতে মোট ১,৩৬,৮০৮টি মামলা দায়ের হয়েছে, যার মধ্যে ৩৬,৯৬২টি নারী আবেদনকারীর মামলা ছিল। এ সময়ে উচ্চ আদালত থেকে ১৪,২১৪টি মামলা রেফার করা হয়েছে। সাম্প্রতিক আইনি সংস্কারের কারণে মামলা দায়েরের হার আরও বেড়েছে, বিশেষ করে গ্রামীণ আদালতের আর্থিক এখতিয়ার ৭৫,০০০ টাকা থেকে ৩,০০,০০০ টাকায় উন্নীত হওয়ার পর। বর্তমানে দায়েরকৃত মামলার মধ্যে ১৫% মামলার আর্থিক মূল্য ৭৫,০০০ টাকার বেশি এবং ২.৫% মামলা স্ত্রী কর্তৃক বকেয়া ভরণপোষণ আদায় সম্পর্কিত। এছাড়াও ভরণপোষণ সংক্রান্ত মামলা অন্তর্ভুক্ত হওয়া নারীর ন্যায়বিচার প্রাপ্তির ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ, তবে স্থানীয় নেতা ও প্রতিষ্ঠানগুলো এখনও যথাযথভাবে অবগত নয়।
প্রধান অতিথির বক্তব্যে মুমতাজ আহমেদ বলেন, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয় হতে নারী শিশু এবং উন্নয়ন বিষয়ে পরিচালিত সব প্রকল্প ও প্রশিক্ষণ কার্যক্রমে আমরা গ্রাম আদালত সম্পর্কিত সচেতনতার তথ্য সম্পৃক্ত করা গেলে গণ সচেতনতায় একটি ভালো ফলাফল আমরা আশা করতে পারি। গ্রাম আদালতকে মানুষের কাছে পৌঁছে দিতে হলে এর তথ্য প্রচার করতে হবে এবং পাঠ্যপুস্তকেও সংক্ষিপ্ত পরিচিতি অন্তর্ভুক্ত করা উচিত। বাংলাদেশের ৬১টি জেলার ৪৪৫৩টি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম পরিচালিত হচ্ছে এটি নিঃসন্দেহে আনন্দের বিষয়।
এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করে বক্তব্য রাখেন-জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক শাহানা সারমিন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাজেরা খাতুন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. প্রকাশ কান্তি চৌধুরী, চ্যানেল আইয়ের চীফ নিউজ এডিটর মীর মাশরুর, ইউএনডিপির সিনিয়র গর্ভানেন্স তানভীর মাহমুদ, জেন্ডার লিড শারমিন ইসলাম এবং হেড অব কমিউনিকেশন মো. আব্দুল কাইয়ুম সহ আরো অনেকে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


