দেশের চিকিৎসা খাতে বারডেম একটি পথিকৃৎ: সায়েদুর রহমান

দেশের চিকিৎসা খাতে বারডেম একটি পথিকৃৎ: সায়েদুর রহমান

নানা সীমাবদ্ধতার পরও বারডেম যে সেবা দিচ্ছে, তা দেশের চিকিৎসা খাতে পথিকৃৎ হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর মিন্টু রোডের আবু সাঈদ কনভেনশন হলে বারডেম অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোর্শেদ উদ্দিন আকন্দের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক ডা. মির্জা মাহবুবুল হাসান, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ও জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. সাইদুর রহমান এবং সচিব মো. কামাল উদ্দিন। নবনির্বাচিত কমিটিকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেন বারডেম অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অধ্যাপক ডা. নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, ‘ইব্রাহিম স্যার সম্পর্কে বই লিখলেও শেষ হবে না। ঢাকা মেডিকেল কলেজের ক্লাসরুমে যারা তাকে তার কাজ নিয়ে টিটকারি করেছেন তাদেরকে কেউ মনে রাখেনি। কিন্তু ইব্রাহিম স্যার পৃথিবীর সবচেয়ে বড় স্বাস্থ্যসেবা দানকারী অলাভজনক প্রতিষ্ঠান সৃষ্টি করে গেছেন। নিজ হাতে ইটের পর ইট গেঁথে তিনি এই প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন। আমাদের দেশের প্রতিযোগিতামূলক পরিবেশ আমাদেরকে কেবল একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত করে। জ্ঞান বা সাফল্যকে সবার সাথে ভাগাভাগি করার মানসিকতা এখানে কম।’

তিনি বলেন, ‘হাসপাতালের টিমগুলোর মাঝে সমন্বয় ও সহযোগিতা গড়ে তোলার জন্য এ ধরনের প্রতিষ্ঠানের প্রয়োজন রয়েছে। অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বারডেম সেবার দান ও মানের ক্ষেত্রে উদাহরণ তৈরি করছে। বারডেম দেশের চিকিৎসা খাতে একটি পথিকৃৎ হিসেবে কাজ করছে। আপনাদের দায়িত্ব অনেক, আমি নিশ্চিত আপনারা সে দায়িত্ব পালনে ভূমিকা পালন করবেন।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন