মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে মানুষের ঢল

মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে মানুষের ঢল

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে মানুষের ঢল মেনেছে। বৃষ্টি উপেক্ষা করে কনসার্টে গান শুনতে উপস্থিত হন তরুণসহ বিভিন্ন পর্যায়ের মানুষ। কেউ ছাতা মাথায়, কেউ বৃষ্টিতে ভিজেই উপভোগ করেন জনপ্রিয় কয়েকটি ব্যান্ড ও শিল্পীদের গান।

বিজ্ঞাপন

জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন উদযাপনের লক্ষে বুধবার এই কনসার্টের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে সংশ্লিষ্ট মুনসুন কালচারাল অ্যালায়েন্স।

দুপুর থেকে থেমে থেমে ঝরছিল বৃষ্টি। এর মধ্যেই গতকাল বুধবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে জড়ো হন হাজার হাজার মানুষ। সময়ের সঙ্গে সঙ্গে জনসমাগম বাড়তে থাকে। সন্ধ্যা নাগাদ মানুষের ঢল নামে কনসার্টে।

বেলা ৩টা ৫৫ মিনিটের দিকে বাজানো হয় জাতীয় সংগীত। এরপর এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির সদস্য-সচিব ঋআজ মোর্শেদ ও তাঁর দলের গান পরিবেশনের মধ্য দিয়ে কনসার্ট শুরু হয়। কনসার্টের মঞ্চের সামনের অংশে আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকদের জন্য বসার ব্যবস্থা রাখা হয়। কিছুটা পেছনে ব্যারিকেডের উল্টো পাশে জড়ো হন অনেক তরুণ। নারী-শিশুসহ নানা বয়সের মানুষকে দেখা যায় কনসার্টে উপস্থিত হতে। পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে মানুষের উপস্থিতিতে, গানে মুগ্ধতা ছড়ায় সব প্রাণে।

ছুটির দিনে জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিনে এমন কনসার্ট আয়োজন করায় অনেকে পরিবার নিয়ে এসেছেন। দেশসেরা সংগীত শিল্পী ও ব্যান্ড দল ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টে সংগীত পরিবেশন করে। শিরোনামহীন, আর্ক (হাসান), আর্টসেল, আর্বোভাইরাস ও এভয়েড রাফার পাশাপাশি পারসা, সেজান, কুঁড়েঘর ও আসিফ আকবরের গান পরিবেশন করেন।

বর্ষা বিপ্লবের গানে প্রধান অতিথি করা হয়েছে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে এবং বিশেষ অতিথি হুইপ নূর-ই-আলম ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। মুনসুন কালচারাল এলায়েন্সের ‘বর্ষা বিপ্লবের গান’ আয়োজন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এমপি এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ঐতিহাসিক ‘৩৬ জুলাই’-এর চেতনাকে সামনে রেখে এই আয়োজন করা হয়েছে। জুলাই আন্দোলনের মাধ্যমে যে মুক্তি, ঐক্য ও প্রতিবাদের চেতনার জন্ম হয়েছিল, সেটিকে সংগীতের মাধ্যমে উদ্‌যাপন করাই এই কনসার্টের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন