যুবদল নেতাদের ‘বর্বরতার’ প্রতিবাদে রাতভর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

যুবদল নেতাদের ‘বর্বরতার’ প্রতিবাদে রাতভর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে পৈশাচিকভাবে হত্যা করেছে যুবদল নেতারা। এ ঘটনার প্রতিবাদে গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাবি, চবি, কুবি, শাবিপ্রবি, ইবি, ববিসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচি থেকে এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়।

ঢাবি

বিজ্ঞাপন

সোহাগ হত্যার প্রতিবাদে গতকাল রাত ৮টার দিকে বিক্ষোভ মিছিল করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। তারা রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে অবস্থান নেন। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিএনপি ও যুবদলের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো—যুবদলের অনেক গুণ, পাথর মেরে সোহাগ খুন; আমার ভাই মরল কেন? তারেক রহমান জবাব দে ইত্যাদি।

সমাবেশে ঢাবি শিক্ষার্থী এবি জুবায়ের বলেন, জাতীয়তাবাদী চাঁদাবাজদল একজন ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ায় পাথর মেরে হত্যা করেছে। এটা শুধু বর্বরতা নয়, এটা সভ্যতা ধ্বংসের ঘোষণা।

প্রায় একই সময় মশাল মিছিল করে সোহাগ হত্যার প্রতিবাদ জানিয়েছে ছাত্র ফেডারেশন। টিএসসি চত্বরে বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।

বুয়েট

নৃশংসভাবে সোহাগ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। গতকাল রাত ১০টার দিকে বের করা মিছিলটি শহীদ মিনার হয়ে ঘুরে বুয়েট ক্যাম্পাস গিয়ে শেষ হয়। শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়, এ বর্বরতাকে কোনোভাবেই সভ্য সমাজে স্থান দেওয়া যায় না।

জাবি

পুরান ঢাকায় ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যা ও দেশব্যাপী অব্যাহত বিএনপির চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার রাত পৌনে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে মিছিল শুরু হয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরিবহন চত্বর হয়ে পুনরায় বটতলা এসে মিছিলটি শেষ হয়।

রাবি

ব্যবসায়ীকে হত্যার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে এই বিক্ষোভ মিছিল হয়।

শাবিপ্রবি

যুবদল নেতা কর্তৃক সোহাগকে নির্মমভাবে হত্যা এবং দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। গতকাল রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের শাহপরান হল থেকে শুরু করে বঙ্গবন্ধু হলে গিয়ে সমাবেশের মাধ্যমে মিছিলটি সমাপ্ত হয়।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো—ওয়ান টু থ্রি ফোর, চাঁদাবাজ নো মোর; চাঁদাবাজের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও; চাঁদাবাজের ঠিকানা, এই বাংলায় হবে না; যুবদলের ঠিকানা, এই বাংলায় হবে না ইত্যাদি।

এ সময় পলাশ বখতিয়ার নামের এক শিক্ষার্থী বলেন, আওয়ামী লীগ ২০০৬ সালে লাশের ওপর নৃত্য করেছিল। এখন বিএনপির একটি অঙ্গসংগঠন সেটি ফিরিয়ে আনতে চাইছে।

ইবি

সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীরা। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডায়না চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

শেকৃবি

চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণে ব্যবসায়ীকে পাথর মেরে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। গতকাল রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটক থেকে শুরু করে মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা বিএনপির অনেক গুণ, এক বছরে দেড়শ খুন; যুবদলের অনেক গুণ, পাথর মেরে মানুষ খুন; পাথর মেরে খুন কেন, তারেক রহমান জবাব দে—এসব স্লোগান দেন।

কুবি

ব্যবসায়ীকে হত্যা এবং দেশব্যাপী অব্যাহত চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষার্থীরা। গতকাল রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই বিক্ষোভ মিছিল হয়।

ববি

ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে পিটিয়ে ও পাথর মেরে মাথা থেঁতলে নির্মমভাবে খুনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। এর পাশাপাশি গতকাল রাতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক প্রতীকী অবরোধ করে প্রতিবাদ জানানো হয়।

পবিপ্রবি

ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি)। গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে মিলিত হন। এ সময় তারা যুবদলের নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে নানা স্লোগান দেন।

মোহাম্মদপুর: রাজধানীর মিটফোর্ডে মো. সোহাগ নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা এবং দেশব্যাপী অব্যাহত চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে পল্টন ও মোহাম্মদপুরে শুক্রবার বাদ এশা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মোহাম্মদপুরে ঢাকা মহানগর উত্তরের মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান বলেন, “মিটফোর্ডে একজন ব্যবসায়ীকে দিবালোকে নৃশংসভাবে হত্যার ঘটনা প্রমাণ করে, সরকার জনগণের জান-মাল ও সম্মান রক্ষায় সম্পূর্ণরূপে ব্যর্থ। বিচারহীনতার সংস্কৃতিই আজকের এই সন্ত্রাসী দুঃসাহসের মূল কারণ।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন