সংস্কার দাবিতে আন্দোলনে চার ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থী

সংস্কার দাবিতে আন্দোলনে চার ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থী

সংস্কারের এক দফা দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন দেশের সরকারি চারটি ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনকারীদের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়।

এর আগে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে আগের ‘বিআইটি’ আইনের আলোকে একটি স্বতন্ত্র, টেকসই ও কার্যকর কমিশনের অধীনে চারটি সরকারি প্রকৌশল কলেজ (সিলেট, ময়মনসিংহ, বরিশাল ও ফরিদপুর) পরিচালনার’ দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় গত ২৭ জুলাই তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন। পরদিন ২৮ জুলাই প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনারে ও পরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় পুলিশের লাঠিচার্জের শিকার হন অনেক আন্দোলনকারী। পরে মঙ্গলবার বিকাল তিনটার মধ্যে দাবি না মানলে শহীদ মিনারে আমরণ অনশনের ঘোষণা দেন আন্দোলনকারীরা।

ঘোষণা অনুযায়ী শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুর ১২টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন। এরইমধ্যে বিকালে চার প্রকৌশল কলেজ প্রিন্সিপালের সঙ্গে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বৈঠক হয়। সেখানে শিক্ষার্থীদের দাবি পর্যায়ক্রমে পূরণের আশ্বাস দেয়া হয় বলে জানা গেছে। পরে এই বৈঠকের সিদ্ধান্ত শিক্ষকরা আন্দোলনরত শিক্ষার্থীদের জানান। তারা এ বিষয়ে আলোচনা করে সন্ধ্যার দিকে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন। কিন্তু দাবি পূরণের বিষয়ে আস্থাহীনতা দেখা দেয়ায় কিছুক্ষণ পর আবার মিটিং করে শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

এসব তথ্য নিশ্চিত করে বরিশাল প্রকৌশল কলেজের শিক্ষার্থী ধ্রুব আমার দেশকে জানান, বুধবার আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে আবার অবস্থান নেবো। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির অনুমতি সাপেক্ষে আমরা আমরণ অনশন কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত জানাবো।

তিনি আরও জানান, চার প্রকৌশল কলেজ শিক্ষার্থীদের এই আন্দোলনে এরইমধ্যে বিভিন্ন ছাত্র সংগঠন সমর্থন জানিয়ে বিবৃতি প্রকাশ করা শুরু করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন