জুলাই গণহত্যার বিচার ও ফ্যাসিবাদী রাজনীতি নিষিদ্ধে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে সামাজিক আন্দোলন ‘নাগরিক বিকাশ ও কল্যাণ’ (নাবিক)।
শনিবার তরুণ পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিল ও সেমিনারে সংগঠনটি এ আহ্বান জানায়।
রাজধানীর একটি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে ‘জুলাই গণহত্যার বিচার ও ফ্যাসিবাদী রাজনীতি নিষিদ্ধে জাতীয় ঐকমত্য’ শিরোনামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মুস্তাসিম তানজীর।
সেমিনারে বক্তারা বিদেশে পালিয়ে থাকা ফ্যাসিবাদী নেতৃত্ব, বিশেষ করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন।
নাবিকের পক্ষ থেকে বলা হয়, ফ্যাসিবাদী রাজনীতি নিষিদ্ধ করার বিষয়েও জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা জরুরি। জার্মানি, ইতালি ও স্পেনের উদাহরণ টেনে বক্তারা বলেন, এসব দেশে ফ্যাসিবাদী দল ও আদর্শকে সাংবিধানিকভাবে নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও এমন ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
সভায় সভাপতিত্ব করেন নাবিকের সভাপতি ব্যারিস্টার শিহাব উদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন—লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার ও বিবিসি বাংলার সাবেক সাংবাদিক আকবর হোসেন, সাবেক অতিরিক্ত সচিব শরিফুল ইসলাম, সোমালিয়ার দারুস সালাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আসিফ মিজান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফাহমিদা আকতার, চিন্তক ও রাজনৈতিক বিশ্লেষক রেজাউল করিম রনি, লেখক ও গবেষক জাকারিয়া পলাশ, নাবিকের সহ-সভাপতি বুরহান উদ্দিন ফয়সাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হাসান প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

