রাজধানীর প্রগতি সরণির বাড্ডা লিংক রোডে কংক্রিট মিক্সার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি শোরুমে উঠে গেলে চালক সাইদুর রহমান (৩৫) নিহত হয়েছেন। তিনি চুয়াডাঙ্গার জীবননগর আশতলা পাড়া গ্রামের আনিসুল হকের ছেলে এবং আকিজ কোম্পানির মিক্সার গাড়ির চালক ছিলেন।
বুধবার ভোর সোয়া ৪টার দিকে বাইতুল আমান জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে পথচারীরা অচেতন অবস্থায় সাইদুরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেন। উন্নত চিকিৎসার জন্য বেলা ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী ইমরুল কায়েস জানান, ভোরে মিক্সার গাড়ি চালিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রেমন্ড টেইলার্সের বিক্রয়কেন্দ্রে ঢুকে পড়ে। এতে চালক গুরুতর আহত হন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

