প্রবাসীদের অধিকার সুরক্ষায় ৯ দফা প্রস্তাবনা

প্রবাসীদের অধিকার সুরক্ষায় ৯ দফা প্রস্তাবনা

প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন। কিন্তু রাষ্ট্র পরিচালনায় জনপ্রতিনিধি নির্বাচনে বরাবরই তারা বঞ্চিত হচ্ছেন। তাই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করাসহ তাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও বিদেশে নতুন শ্রম বাজার সৃষ্টির লক্ষ্যে নয় দফা প্রস্তাবনা দিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী ‘এনআরবি রাইটস মুভমেন্ট, ম্যানচেস্টার এর চেয়ারম্যান ব্যারিস্টার মিজানুর রহমান।

বিজ্ঞাপন

সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টাস ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।

প্রবাসীদের সমস্যা সমাধান, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ও নতুন শ্রম বাজার তৈরিতে করণীয়’ শীর্ষক এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে যুক্তরাজ্যের বাংলাদেশি সংগঠন ‘এনআরবি রাইটস মুভমেন্ট, ম্যানচেস্টার’।

লিখিত বক্তব্যে সংগঠনটির চেয়ারম্যান ব্যারিস্টার মিজানুর রহমান বলেন, আমরা যারা এনআরবি আছি, নন রেসিডেন্ট বাংলাদেশি, আমাদের কোন হক বা রাইট ছিল না। আমরা বিলিয়ন বিলিয়ন ডলার,পাউন্ড, ইউরো, দিরহাম রেমিটেন্স পাঠিয়েছি বাংলাদেশে। বিনিময়ে আমরা কিছু পাইনি। আমাদের কোন ভোটাধিকার নাই। আমরা যারা বিভিন্ন দেশে থাকি, তাদের কোন বেসিক (মৌলিক) অধিকার নাই। এসময় প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় নয় দফা দাবি তুলে ধরেন তিনি।

তিনি বলেন, প্রবাসীদের ভোটের অধিকার থাকতে হবে। যাতে তারা বিদেশে থেকে ভোট দিতে পারেন। কারণ অনেকদিন ধরেই এ নিয়ে কথাবার্তা চললেও সেটার কোনো বাস্তবায়ন হয়নি।

দ্বিতীয় দাবির প্রসঙ্গে তিনি বলেন, প্রবাসে অবস্থান করা বাংলাদেশিদের মধ্যে যাদের দ্বৈত নাগরিকত্ব আছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদেরও সংসদ সদস্য (প্রার্থী) হওয়ার সুযোগ দিতে হবে।

তৃতীয় আলোচনায় ব্যারিস্টার মিজান বলেন, যে সকল এনআরবির (নন-রেসিডেন্স বাংলাদেশি’স) সন্তানেরা বিদেশে জন্মগ্রহণ করেছে, তাদের বাংলাদেশে পৈত্রিক সম্পত্তি নিয়ে নানা হয়রানির শিকার হতে হয়। তারা যাতে এই হয়রানির শিকার না হয়, সেই অধিকার দিতে হবে। চার নম্বর দাবির বিষয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, প্রবাসীদের যেন দেশে আলাদা চোখে না দেখা হয়, তাকে যেন তুচ্ছ তাচ্ছিল্য করা না হয়। কারণ প্রায়ই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাওয়ার সময় এয়ারপোর্টে এমন ঘটনা ঘটছে।

যারা বিদেশে থাকে তারা হয়রানির শিকার হয় কোর্ট কাচারির মাধ্যমে, তাদের জন্য আলাদা ট্রাইবুনাল গঠন করার কথা বলেন ‘এনআরবি রাইটস মুভমেন্ট, ম্যানচেস্টার এর চেয়ারম্যান।

তিনি আরো বলেন, এয়ারপোর্টে নামার পর যেন কোন হয়রানির শিকার হতে না হয় কোন প্রবাসীকে। তাদেরকে যেন এয়ারপোর্টে সঠিক সম্মান করা হয়। তাদের প্রতি যেন কোনো রকম আক্রমণ না হয়।

বাংলাদেশি প্রবাসীদের জন্য এয়ারপোর্টে একটা আলাদা ভিভিআইপি কাউন্টার থাকা উচিত। যাতে তাদের বাংলাদেশে এসে কোন হ্যাসেল (ঝামেলা) পোহাতে না হয়। বাংলাদেশিদের সন্তানেরা যখন প্রথম বাংলাদেশে আসে, তখন যেন তারা হ্যাসেল ফ্রি ভাবে দেশে ঢুকতে পারে। দেশের পরিবেশ সম্পর্কে ভালো ধারণা পায়।

প্রবাসীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। যাতে তারা সুচিকিৎসা পায়- সে বিষয়টি নিশ্চিত করার কথাও বলা হয় সংবাদ সম্মেলনে।

সবশেষ প্রস্তাবনায় ব্যারিস্টার মিজান বলেন, যারা বিদেশে দীর্ঘদিন থাকছেন বা থাকেন, তাদের মধ্যে থেকে একজনকে শ্রম মন্ত্রণালয় বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হোক। যেহেতু তিনি বিদেশে থাকেন, তাই এ বিষয়ে তার অভিজ্ঞতা আছে। আর যাদের বিদেশে থাকার অভিজ্ঞতা নাই, তাদেরকে দায়িত্ব দিলে তারা সেভাবে কাজ ফুলফিল (সম্পূর্ণ) করতে পারেন না। প্রবাসীদের ফিলিংসটা (অনুভূতি) তাদের মধ্যে সেভাবে কাজ করে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন