রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

রাজধানীর কারওয়ান বাজার ও বসিলায় সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুক্রবার সন্ধ্যার পর কারওয়ান বাজার ওয়াসা ভবনের সামনের মূল সড়ক পার হওয়ার সময় শাহ আলম (৬৫) নামে একজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন ২ জন। অন্যদিকে বৃহস্পতিবার রাতে বসিলা ব্রিজে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা চালক সাদিকুল ইসলাম নিহত হন। আহত হয়েছেন অটোরিকশাটির দুই যাত্রী।

প্রত্যক্ষদর্শী নাইম সরকার জানান, সন্ধ্যার দিকে ওয়াসা ভবনের সামনের সড়কে নিহত ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ফার্মগেটের দিক থেকে আসা একটি মোটরসাইকেল এর ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়েন। মোটরসাইকেল আরোহী সাইদুল ও তার স্ত্রী সাবিহাও পড়ে যান। দ্রুত শাহ আলমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নিহত শাহ আলমের ছেলে আলাউদ্দিন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সাংবাদিকদের জানান, তার বাবা গাজীপুরের কালিযাকৈর বসবাস করেন। গত বুধবার তার বাবা ঢাকায় গ্রিন রোডে তার বাসায় আসেন। সন্ধ্যার পর হাঁটাহাঁটি করার জন্যে বের হয়েছিলেন বলে ধারণা তার। আহত দু’জনকে ঢামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের আঘাত গুরুতর নয় বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে।

বসিলা ব্রিজে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ ট্রাকটি জব্দ করেছে, তবে ট্রাকচালক পালিয়ে গেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন