রাজধানীর শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে নির্মম ঘটনায় শহীদদের স্মরণে গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ পল্টন জোন। একইসঙ্গে ওই ঘটনায় জড়িত সকল খুনি ও দোষীদের দ্রুত ও নিরপেক্ষ বিচারের আওতায় জোর দাবি জানানো হয়েছে।
সোমবার বাদ মাগরিব রাজধানীর পল্টনে জোন কার্যালয়ে শাপলা চত্বরের শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ দাবি জানানো হয়।
হেফাজত পল্টন জোনের সভাপতি মুফতি সালাহ উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজীর পরিচালনায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ খান, মাওলানা মাঞ্জুরুল হক, মাওলানা মাখদুম ও মাওলানা আবদুল্লাহ রাসেল প্রমুখ। দোয়া পরিচালনা করেন মুফতি জুবায়ের রশিদ।
বক্তারা বলেন, একটি সভ্য ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রে কোনো নাগরিকের প্রাণহানি অবিচার ও দমন-পীড়নের মাধ্যমে ঘটতে পারে না। শাপলার এই ঘটনা শুধু একটি মানবিক বিপর্যয় নয়, এটি ন্যায়বিচার ও মানবাধিকারের প্রশ্ন। তাই সত্য উদঘাটন, দায়ীদের চিহ্নিতকরণ এবং তাদের যথাযথ শাস্তি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
তারা ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সবাই আইনের আওতায় আনতে, ভুক্তভোগী পরিবারগুলোর জন্য ন্যায়বিচার ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে জোর দাবি জানান।
তারা বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠাই পারে শহীদদের আত্মত্যাগের প্রতি যথার্থ সম্মান জানাতে। আমরা বিশ্বাস করি, সত্য ও ন্যায় একদিন অবশ্যই প্রতিষ্ঠিত হবে।
এএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

