মধুপুরে ১১ ঘণ্টায় শিয়ালের কামড়ে ২১ জন আহত, এলাকায় আতঙ্ক

মধুপুরে ১১ ঘণ্টায় শিয়ালের কামড়ে ২১ জন আহত, এলাকায় আতঙ্ক

মধুপুরে শিয়ালের কামড়ে ১১ ঘণ্টায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে অন্তত ২১ জন। শনিবার উপজেলার বিভিন্ন এলাকা থেকে আহতরা হাসপাতালে চিকিৎসা নিতে আসে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বিজ্ঞাপন

হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার বেলা সোয়া ২টা থেকে রাত সোয়া ১১টা পর্যন্ত শিয়ালের কামড়ে আহত অন্তত ২১ জন চিকিৎসা নিতে আসে। আহতদের মধ্যে শিশু, তরুণ ও বয়স্ক ব্যক্তিরাও রয়েছেন।

আউশনারা ইউনিয়নের বেলচুঙ্গি গ্রামের লিয়াকত আলীর ছেলে রুবেল (৩৫) রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফেরার পথে শিয়ালের আক্রমণের শিকার হন। একই সময়ে পৌর শহরের চাড়ালজানী তেঁতুলতলা এলাকার মাহার ছেলে আরিফও শিয়ালের কামড়ে আহত হন।

এ ছাড়া বেলা ২টার দিকে জান্নাত নামের এক শিশু, সালমা (৪৫), মিরাজুল (১১), আবু সাঈদ (৩), ইদিলপুরের কাদের (৩৫), গোপিনাথপুরের শাহজাহান, চাড়ালজানীর আরজু, দামপাড়ার রাফিউল, টেঁকিপাড়ার মোতালেব, শিবরামবাড়ীর ইউসুফ (৪০), টেঁকিপাড়ার মালেক (৬৭), নয়াপাড়ার শাকিল (২৫), মাস্টারপাড়ার আল আমিন (২১) ও কাবেল (২৫) সহ ২১ জন শিয়ালের আক্রমণে আহত হয়েছেন বলে তথ্য নিশ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত আবু সাঈদ জানান, ‘একের পর এক শিয়ালের কামড়ে আহতরা আসছেন । আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তাদের চিকিৎসাসেবা দিতে।’

মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ বলেন, ‘প্রতিদিন বিড়াল, শিয়াল ও কুকুরের কামড়ে আহত অনেক রোগী হাসপাতালে আসছেন। আশঙ্কাজনক হারে দিনে দিনে এ সংখ্যা বাড়ছে। হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে। কোনো সংকট হওয়ার আশঙ্কা নেই।’

তিনি শিয়াল, কুকুরসহ অন্যান্য প্রাণী আক্রমণ এড়িয়ে চলতে এবং এ বিষয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন।

একই এলাকায় অল্প সময়ের ব্যবধানে বিপুলসংখ্যক মানুষ শিয়ালের আক্রমণের শিকার হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি বন্যপ্রাণীর আক্রমণ থেকে সুরক্ষায় প্রয়োজনীয় সচেতনতামূলক পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন