ঢাকা থেকে বন্ধুদের সাথে মাওয়ায় ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতের নাম মোহাম্মদ রিফাত (১৮)। এই ঘটনায় তার বন্ধু আহত হয়েছেন। ঢাকা-মাওয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনাটি ঘটে।
সোমবার দিবাগত রাত ১টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রিফাত আজিমপুর রায়হান কলেজের এইচ এস সি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
তিনি কামরাঙ্গীরচর মাতবর বাজার এলাকার বশির আহমেদ বাচ্চু মিয়ার ছেলে। রিফাতের সহপাঠী মো. নিবিড় জানান, আমার বন্ধু রিফাত আজিমপুর রায়হান কলেজে শিক্ষার্থী ছিল। গত রাতে রিফাতের মোটরসাইকেলে চলে আমরা মাওয়া ঘাটে ঘুরতে গিয়েছিলাম। এ সময় রিফাত নিজেই মোটরসাইকেল চালাচ্ছিলো। পথে আব্দুল্লাহপুর নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে ।আমি সামান্য আহত হলেও গুরুতর আহত হয় রিফাত।
পরে দ্রুত রিফাতকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানান রিফাত আর বেঁচে নেই। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত রাতে গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

