ডাটা এন্ট্রি অপারেটর পদে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষার দাবিতে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে বিক্ষোভ করছেন।
রোববার নির্বাচন কমিশন ভবনের সামনে সব প্রবেশদ্বার অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগপ্রত্যাশীরা। এর ফলে ইসিতে এনআইডিসহ অন্যান্য সেবাপ্রত্যাশীরা ভোগান্তিতে পড়েন।
ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন, ‘কর্মকর্তাদের শূন্যপদ পূরণের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) চাহিদা দেওয়া হয়েছে। ডাটা এন্ট্রি অপারেটর পদে স্থগিত হওয়া লিখিত পরীক্ষা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, লিখিত পরীক্ষার দাবিতে আয়োজিত এই বিক্ষোভে অংশ নেন দেশের বিভিন্ন জেলা থেকে আগত চাকরিপ্রার্থীরা।
প্রার্থীরা অভিযোগ করেন, ২০১৯ সালের নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও তাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এর ফলে বয়সসীমা শেষ হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। তারা দ্রুত লিখিত পরীক্ষা আয়োজনের দাবি জানান।
বিক্ষোভে অংশ নেওয়া মো. মিজানুর রহমান বলেন, ‘আমি কুমিল্লা থেকে এসেছি এই কর্মসূচিতে অংশ নিতে। দীর্ঘদিন ধরে নানা জটিলতায় আটকে আছে লিখিত পরীক্ষা। আমাদের একমাত্র দাবি, দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা আয়োজন করা হোক।’
অন্য এক চাকরি প্রত্যাশী কামরুজ্জামান বলেন, ‘সিরাজগঞ্জ থেকে এসেছি। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও ৬ বছর অতিবাহিত হলেও লিখিত পরীক্ষা হচ্ছে না। বয়স শেষ হয়ে যাচ্ছে, তাই বিক্ষোভ করছি।’
তারা আরও জানান, ২০১৯ সালের সার্কুলার হলেও প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২৩ সালের ১৬ জুন। পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় ২০২৪ সালের ২৮ মার্চ। এছাড়া, নতুন করে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দেওয়া হয় ৫৫ জনকে ৯ এপ্রিল। এদিকে, ২০১৯ সালের প্রিলিমিনারি পরীক্ষার লিখিত পরীক্ষা দুটি বার স্থগিত করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

