ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সব বাস টার্মিনাল ও হাট-বাজারগুলোতে বেশি দর পেতে নতুন করে ইজারা দেয়ার নিদের্শ দিয়েছেন প্রশাসক মো. শাহজাহান মিয়া।
সোমবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিচালনা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন (ক) ফুলবাড়িয়া স্টপওভার, (খ) ধোলাইখাল ট্রাক টার্মিনালের খাস আদায়ে কাঙ্ক্ষিত দর না পাওয়ার কারণে 'সরকারি হাট বাজারসমূহের ব্যবস্থাপনা, ইজারা পদ্ধতিতে প্রাপ্ত আয় বণ্টন সম্পর্কিত নীতিমালা-২০১১' এর আলোকে ইজারার দর নতুনভাবে পুনঃমূল্যায়ন করার জন্য স্থানীয় সরকার বিভাগে প্রতিবেদন প্রেরণের অনুমতি দেয়া হয়।
এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকের ঐচ্ছিক তহবিল খাত হতে আবেদনের প্রেক্ষিতে এককালীন আর্থিক অনুদান অনুমোদন দেওয়া হয়। এ ছাড়াও ব্যবসা শুরুর জন্য প্রয়োজনীয় ৫টি সেবা একক আবেদনে নিষ্পত্তির লক্ষে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সাথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত নেয়া হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

