পবিত্র কোরআনের আলো দেশব্যাপী ছড়িয়ে দিতে এবং হাফেজে কুরআনদের সম্মাননা জানাতে শুরু হলো ‘হিফযুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ’-এর বিশাল হিফযুল কোরআন প্রতিযোগিতা।
রোববার রাজধানীর উত্তরার জামিয়াতুল মানহালে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। দেশের প্রতিটি প্রান্ত থেকে প্রায় ১০ হাজার প্রতিভাবান হাফেজে কোরআন এই মেগা আয়োজনে অংশ নিতে যাচ্ছেন।
শিশু-কিশোর ও তরুণদের কোরআন হিফযের প্রতি আরো বেশি উৎসাহিত করা এবং কোরআন ও সুন্নাহর আলোকে একটি নৈতিক ও আদর্শ প্রজন্ম গঠন করাই এই আয়োজনের প্রধান লক্ষ্য।
প্রতিযোগীদের মেধা ও বয়সের ওপর ভিত্তি করে কয়েকটি ক্যাটাগরিতে বিভক্ত করা হবে। এর মধ্যে ৫, ১০ এবং পূর্ণাঙ্গ ৩০ পারা হিফয বিভাগের পাশাপাশি দৃষ্টিনন্দন তিলাওয়াত ও তাজবিদ বিভাগও থাকছে। প্রাথমিকভাবে উপজেলা ও জেলা পর্যায়ে বাছাই পর্ব শুরু হয়ে পর্যায়ক্রমে বিভাগীয় ও চূড়ান্ত জাতীয় আসর অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিফযুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মুফতী হুমায়ুন সাঈদ। তিনি জানান, বিগত বছরের চেয়ে এবার প্রতিযোগীর সংখ্যা অনেক বেশি হওয়ায় শুধুমাত্র ঢাকাকেই ৮টি জোনে ভাগ করা হয়েছে। তিনি আরো বলেন, ‘আমরা হিফযুল কোরআন ফাউন্ডেশনকে একটি মডেল হিসেবে মানুষের সামনে উপস্থাপন করতে চাই। শুধু দেশেই নয়, আন্তর্জাতিকভাবেও প্রতিযোগিতার আয়োজন করে কোরআনের খেদমত করার ইচ্ছা আমাদের রয়েছে।’
অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা এবং বিকেএমইএ-এর পরিচালক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রিপন। তিনি বলেন, ‘পাঁচ বছর আগে কয়েকজন ব্যবসায়ী বন্ধু মিলে আমরা এই কোরআনি প্রতিযোগিতার শুরু করেছিলাম, যা আজ আপনাদের সামনে দৃশ্যমান। ফাউন্ডেশনের চেয়ারম্যানের অক্লান্ত পরিশ্রম এবং তার নিবেদিত ওলামায়ে কেরামের টিমের প্রচেষ্টায় আমরা এতদূর আসতে পেরেছি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিয়াঙ্কা ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ওয়ালীউল্লাহ। তিনি বলেন, ‘এই ফাউন্ডেশনের মাধ্যমে বাংলাদেশ কোরআনের আলোতে আলোকিত হবে, এই স্বপ্ন আমরা দেখি।’ এছাড়াও উপস্থিত ছিলেন হেজাজ সোয়েটার লিমিটেডের এমডি মো. আলমগীর হোসেন। তিনি তার বক্তব্যে ফাউন্ডেশনের উত্তরোত্তর উন্নতি কামনা করেন।
ফাউন্ডেশনের মহাসচিব হাফেজ কামরুজ্জামান বলেন, তারা এই ফাউন্ডেশনের কাজকে শুধু প্রতিযোগিতার মাঝেই সীমাবদ্ধ রাখতে চান না; বরং দেশের আলেম, হাফেজসহ সর্বস্তরের মানুষের পাশে দাঁড়াতে চান। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা জামিয়াতুল মানহালের মহাপরিচালক মুফতি কাফায়েতুল্লাহ আযহারী। তিনি সর্বদা হিফযুল কোরআন ফাউন্ডেশনের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


